এশিয়ান গেমসের ১০০ মিটারের সেমিফাইনালে ইমরানুর
এশিয়ান গেমসের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে লড়াইয়ে টিকে আছেন বাংলাদেশের ইমরানুর রহমান।
আজ (২৪ সেপ্টেম্বর) হিটে ইমরানুর চতুর্থ হয়েও সব মিলিয়ে টাইমিংয়ে সেরা ২৪ জনের মধ্যে ২২তম স্থান অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করেছেন।
পালোমা পার্ক স্টেডিয়ামে আজ রাতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের রাউন্ড ১ এর ৫ নম্বর হিটে প্রতিযোগিতায় নেমে ইমরান ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ স্থান অর্জন করেন।
এই হিটে মালয়েশিয়ার মোহাম্মদ ১০.১৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। তারপরের দুই অবস্থানে আছেন যথাক্রমে সিঙ্গাপুরের লুইস (১০.৩৩) এবং চাইনিজ তাইপের ইয়াং (১০.৩৮)।
ইমরানের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। আর মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড। আগামীকাল ১০০ মিটারের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
