এবার সেমিফাইনালে খেলার কৌশল নিয়ে ইংল্যান্ড কোচের সমালোচনায় মাতলেন ট্রাম্পও
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের হারের পর কোচ থমাস টুখেলের কৌশল নিয়ে চলা সমালোচনায় যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ম্যাচটির দ্বিতীয়ার্ধে অধিনায়ক হ্যারি কেইনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তবে ইএসপিএনের সূত্র জানিয়েছে, এই সমালোচনার মধ্যেও টুখেল এখনো ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সমর্থন পাচ্ছেন। তাই ২০২৮ সালের ইউরো পর্যন্ত তার দায়িত্বে থাকার সম্ভাবনাই বেশি।
১৫ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু পরে দলটি রক্ষণাত্মক হয়ে পড়ে। টুখেল পাঁচ ডিফেন্ডারের ফরমেশনে চলে যান এবং ম্যাচের শেষ দিকে মাঠে ছয়জন ডিফেন্ডার খেলান।
সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনা শেষ পাঁচ মিনিট ও যোগ করা সময়ে এঞ্জো ফার্নান্দেজ ও লাওতারো মার্টিনেজের গোলে ২-১ ব্যবধানে জিতে স্পেনের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করে।
ট্রাম্প ও হ্যারি কেইন দুজনেই এর আগে জানিয়েছিলেন, প্রায় দেড় বছর আগে ওয়েস্ট পাম বিচে তারা একসঙ্গে গলফ খেলেছিলেন। শুক্রবার ট্রাম্প টাওয়ারে ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে ইংল্যান্ডের বিদায় নিয়ে নিজের মতামতও জানান তিনি।
ট্রাম্প বলেন, 'ইংল্যান্ডের একজন দুর্দান্ত খেলোয়াড় আছে, যার সঙ্গে আমি গলফ খেলেছি—হ্যারি। সে অসাধারণ। আমার মনে হয়, তাকে রক্ষণাত্মক ভূমিকায় নামিয়ে তারা ভুল করেছে।'
তিনি বলেন, 'ফুটবল সম্পর্কে আমি আর কতটুকুই বা জানি? তারা এগিয়ে ছিল, এরপর নিজেদের সেরা খেলোয়াড়কে রক্ষণভাগে নামিয়ে দিল।'
তিনি আরও বলেন, 'আমাদের তো একটু আক্রমণাত্মক হওয়া উচিত, তাই না? তবে আমি কোচিং নিয়ে মন্তব্য করতে চাই না। কোচিং সম্পর্কে আমি কী-ই বা জানি? তবু বিষয়টি অস্বাভাবিক মনে হয়েছে। তবে হ্যারি সত্যিই দারুণ একজন মানুষ।'
শুক্রবার সংবাদ সম্মেলনে টুখেলকে ট্রাম্পের মন্তব্যসহ তার কৌশল নিয়ে হওয়া বিভিন্ন সমালোচনা সম্পর্কে প্রশ্ন করা হয়।
জবাবে টুখেল বলেন, 'আপনি কি এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে সাক্ষী হিসেবে আনতে চান? আমি শুধু জানতে চাইলাম।'
ম্যাচের শেষ দিকে কেইন অতিরিক্ত নিচে নেমে খেলেছেন—এমন সমালোচনা মানতে রাজি নন ইংল্যান্ড কোচ। তিনি বলেন, 'কোন পরিস্থিতিতে হ্যারি খুব নিচে নেমে খেলেছে? আপনি কি শেষ ৩০ মিনিটের কথা বলছেন? আমরা তখন ডিপ ব্লকে রক্ষণ করেছি। ডিপ ব্লকে রক্ষণ করলে সবাইকেই নিচে নেমে রক্ষণ করতে হয়।'
টুখেল বলেন, 'আমরা যথেষ্ট আক্রমণাত্মক হতে পারিনি, ডিপ ব্লক থেকে বেরিয়েও আসতে পারিনি। কিন্তু ডিপ ব্লকে রক্ষণ করলে সবাইকেই সেটাই করতে হয়। ফুটবলে দলীয় সংহতি, ঐক্য ও মানসিকতার প্রকাশ এভাবেই ঘটে।'
তিনি বলেন, 'আমরা ১০ বা ১১ জন মিলে রক্ষণ করি। দল যদি নিচে নেমে রক্ষণ করতে বাধ্য হয়, হ্যারিও তাই করবে। প্রথমার্ধেও কিছু সময় সে সেটাই করেছে। পার্থক্য হলো, তখন আমরা আবার সামনে উঠতে পেরেছিলাম এবং ডিপ ব্লক থেকে বের হওয়ার সুযোগ তৈরি করেছিলাম।'
ইংল্যান্ড কোচ বলেন, 'আমরা দল হিসেবে সবকিছু একসঙ্গে করি। গত সাড়ে ছয় সপ্তাহে এই দলের যে ঐক্য, দলীয় মানসিকতা ও সংহতি গড়ে উঠেছে, তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। রক্ষণেও সেটি দেখা গেছে।'
টুখেল বলেন, 'শেষ ৩০ মিনিটে আমরা অতিরিক্ত নিষ্ক্রিয় হয়ে পড়েছিলাম। বলের নিয়ন্ত্রণ নিতে পারিনি, ব্যক্তিগত লড়াইয়েও জিততে পারিনি। এটিই আমাদের পরবর্তী ধাপ—এখান থেকেই আমাদের আরও এগোতে হবে।'
উল্লেখ্য, বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মায়ামিতে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড।
