নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
নিরাপত্তার খাতিরে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার বিষয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাথে আলোচনা করছে ইরানের ফুটবল ফেডারেশন।
ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প যখন স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইরানি জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রে যাব না।'
তিনি আরও যোগ করেন, 'বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করার জন্য আমরা বর্তমানে ফিফার সাথে আলোচনা করছি।'
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর ইরানের ক্রীড়ামন্ত্রী বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানি খেলোয়াড়দের পক্ষে টুর্নামেন্টে অংশ নেওয়া সম্ভব নয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'ইরান বিশ্বকাপে স্বাগত'। তবে তিনি আরও বলেছেন, 'তাদের নিজস্ব জীবন ও নিরাপত্তার খাতিরে সেখানে (যুক্তরাষ্ট্রে) থাকাটা যুতসই হবে না।'
নির্ধারিত সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি ম্যাচ সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
