৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামকে (৪৩) রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তার সঙ্গে থাকা ওয়াসিম (২৪) নামে আরও একজনকেও গ্রেপ্তার করে পুলিশ।
ইয়াবা পাচারে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্য পেয়ে রোববার (২৩ আগস্ট) রাতে উত্তরার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দক্ষিণখান থানার উপপরিদর্শক বখতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াসিম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান এসআই বখতিয়ার।
ওয়াসিমের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এরপর আজমপুর কাঁচাবাজার এলাকার বিসমিল্লাহ পল্লির নূর বিল্ডিংয়ের ৬৭ নম্বর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০টি ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৫ হাজার ৩১০টি ইয়াবা।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, পরে দুজনকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন পুলিশকে জানিয়েছেন তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রি করতেন।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক বলেন, শফিকুল গ্রেপ্তারের বিষয়টি তিনি জানেন। এএসআই শফিকুল থানায় দায়িত্ব পালনে অনিয়মিত ছিলেন বলেও জানান তিনি।
