ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
শেষের পথে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর মাত্র তিনটি ম্যাচ, এরপরই চ্যাম্পিয়ন পেয়ে যাবে ক্রিকেট দুনিয়া। লড়াই এবার ফাইনালে ওঠার। প্রথম সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড।
ফাইনালের টিকেট কাটার ম্যাচে টস ভাগ্য নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের পক্ষে গিয়েছে। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবু ধাবিতে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুটি বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালে (ওয়ানডে বিশ্বকাপ) জিতেছে ইংল্যান্ড। শেষ দুই সাক্ষাতের সুখস্মৃতি ইংল্যান্ডের তো আছেই, কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি পরিসংখ্যানও তাদের সাহস যোগাচ্ছে। এই ফরম্যাটে কিউইদেরে বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১২টিতে জিতেছে তারা। ৭টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। একটি ম্যাচ পরিত্যক্ত ও আরেকটি ম্যাচ টাই হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানেও নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে ইংল্যান্ড। মারকাটারি এই ফরম্যাটের সবচেয়ে বড় আসরে এখন পর্যন্ত ৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে ইংল্যান্ডের জয় ৩টিতে এবং নিউজিল্যান্ড জেতে ২টি ম্যাচে।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, দাভিদ মালান, ইয়ন মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম বিলিংস, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও মার্ক উড।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।
