চট্টগ্রামে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, গ্রেপ্তার ১১
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরের সৈয়দশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং সোমবার সকাল ১১টায় টিবিএসকে বলেন, "মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় মুরাদ গ্রুপ ও জসিম গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।"
তিনি বলেন, "ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে গুলির শব্দ শোনার তথ্য পেয়েছে পুলিশ। তবে সেখানে সত্যিই গুলি চালানো হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
তিনি আরও জানান, এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
এদিকে গোলাগুলির ঘটনা ঘটেনি বলে রোববার রাতে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম। তিনি বলেন, "কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। পটকা ফোটানো হয়েছে। টিনের ঘরে পাথর নিক্ষেপের কারণেও শব্দ হয়েছে। এ ঘটনায় দুই গ্রুপের বেশ কয়েকজন হতাহত হয়েছেন।"
ওসি বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মুরাদ গ্রুপের মুরাদ ও জসিমের অনুসারীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কে দুই পক্ষের লোকজন পরস্পরকে ধাওয়া করছেন এবং ইটপাটকেল নিক্ষেপ করছেন। এ সময় কয়েকটি বিকট শব্দও শোনা যায়।
পুলিশ বলছে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
