অননুমোদিত সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান-লরিতে গ্যাস দেবে না স্টেশনগুলো, ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে তিতাস
ঢাকার আশুলিয়ায় অননুমোদিত সিএনজি পরিবহনকারী কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনার পর বিশেষ উপায়ে নির্মিত লরি ও কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আশুলিয়া অঞ্চলের সিএনজি স্টেশনগুলো। এ বিষয়ে স্টেশনগুলোকে পুনরায় চিঠি পাঠিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তিতাস। তবে সিএনজি অ্যাসোসিয়েশন নেতাদের দাবি—এতদিন তিতাস কর্তৃপক্ষের মৌখিক নির্দেশেই অননুমোদিত এসব যানবাহনে গ্যাস সরবরাহ করা হতো।
গত রোববার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের 'প্রিটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে' অননুমোদিত উপায়ে সিএনজি পরিবহনকারী একটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের ঘটনার পর ওই অঞ্চলের সিএনজি স্টেশনগুলো কাভার্ড ভ্যান ও লরিতে তৈরি সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সিএনজি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এবং টিএস সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভারশন লিমিটেডের মালিক তানভীর রহমান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একইসাথে তিনি সংগঠনটির উত্তরা, আশুলিয়া, নবীনগর, বাইপাইল, চন্দ্রা জোনের জোনাল সভাপতি।
ইতোমধ্যে এসব অননুমোদিত সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান-লরিতে গ্যাস সরবরাহ না করতে তিতাসের আঞ্চলিক কার্যালয় থেকেও পত্র দিয়ে সিএনজি স্টেশনগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে তিতাস কর্তৃপক্ষ বলছে তারা সবসময়ই এ ধরণের অননুমোদিত সিলিন্ডারবোঝাই যানবাহনে গ্যাস সরবরাহ না করতে নির্দেশনা দিয়ে আসছেন। সম্প্রতি প্রিটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে সংঘটিত ঘটনার পর আবারো সকল স্টেশনকে নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করা হয়েছে।
যদিও এই অঞ্চলের একাধিক সিএনজি স্টেশন মালিক-কর্মকর্তাদের দাবি, কাগজে কলমে তিতাস কর্তৃপক্ষ বরাবর এসব কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহ না করতে নির্দেশনা দিলেও মৌখিক ভাবে বরাবরই এসব কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহে তিতাসের আপত্তি নেই বলে তাদের জানিয়েছেন তিতাসের কর্মকর্তারা।
বাংলাদেশ সিএনজি অ্যাসোসিয়েশনের যুগ্ন সম্পাদক ও টিএস সিএনজি রিফুয়েলিং এন্ড কনভারসন লিমিটেডের মালিক তানভীর রহমান টিবিএসকে বলেন, 'কাগজে কলমে তিতাস নিষেধ করলেও মৌখিকভাবে তারা গ্যাস দিতে বলেছে সবসময়। কিন্তু যখন কোন সমস্যা হয় তখন এর দায় এসে পড়ে আমাদের ঘাড়ে। কাজেই আমরা আর এসবের মধ্যে নেই।'
তিনি আরও জানান, প্রিটির ঘটনার পর এই অঞ্চলের তিতাস কার্যালয় সিএনজি স্টেশনগুলোকে আবারও চিঠি দিলেও অন্যান্য অঞ্চলে এমন কোন নির্দেশনা দেওয়া হয়নি। কাজেই এটি বন্ধের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না বলে মনে করেন তিনি; কেননা উত্তরা-আশুলিয়া অঞ্চলে এসব কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হলেও অন্যান্য অঞ্চলে গ্যাস সরবরাহ উন্মুক্ত থাকায় সেখান থেকে এসব কাভার্ড ভ্যানে গ্যাস সংগ্রহের সম্ভাবনার কথা জানান তিনি।
যোগাযোগ করলে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আশুলিয়া জোনাল কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন টিবিএসকে বলেন, 'আমরা আগেও তাদের সতর্ক করেছি, এখনো করছি। প্রিটির ঘটনার পর আবারো সিএনজি স্টেশনগুলোকে চিঠি দেওয়া হয়েছে এবং এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
ব্যবস্থা নেওয়ার কথা বললেও ইতোপূর্বে তিতাস এসব বিষয়ে কেন ব্যবস্থা নেয়নি এমন প্রশ্নে আইন অনুযায়ী এটি বন্ধে নির্দেশনা বাস্তবায়নের সুযোগ নেই জানিয়ে তিতাসের এই কর্মকর্তা বলেন, 'এটা দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজিস্ট্রেট। এটা বাস্তবায়নে আমাদের সুযোগ নেই।'
উল্লেখ্য, তিতাসের এই আঞ্চলিক কার্যালয়ে আওতায় মোট ১৯টি সিএনজি স্টেশন রয়েছে।
