আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: প্রিটি গ্রুপের ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ঢাকার আশুলিয়ায় গত রবিবার তৈরি পোশাক শিল্প গ্রুপ প্রিটি গ্রুপের আওতাধীন প্রিটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে অননুমোদিত পদ্ধতিতে কাভার্ডভ্যানে পরিবহন করা সিএনজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিকান্ড এবং হতাহতের ঘটনায় শিল্প গ্রুপটির ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম টিবিএসকে বলেন, প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদি হয়ে অপরাধজনক নরহত্যা মামলা দায়ের করেছেন।
তিনি আরও বলেন, মামলায় প্রিটি গ্রুপের দায়িত্বশীল ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
তবে পুলিশের একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেছেন, জামগড়া এলাকায় অবস্থিত প্রিটি গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কটির দায়িত্বশীল পদে থাকা ব্যবস্থাপক, মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
