অপ্রতিম হত্যা মামলা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার কোনো আইনজীবী
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু জানিয়েছেন, মানবিক কারণে অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। তবে রাষ্ট্র ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাউকে দায়িত্ব দিতে পারে, সেক্ষেত্রে সেটা নির্দিষ্ট আইনজীবী লড়বেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যা মামলার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পিপি কাইমুল হক রিংকু এসব কথা জানান।
পিপি রিংকু আরও বলেন, 'আমরা আজকে অপ্রতিমের বাবা-মাকে আশ্বস্ত করেছি ন্যায় এবং সুষ্ঠু বিচারের বিষয়ে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাই সুষ্ঠু তদন্ত শেষে অপরাধীদের আদালতে প্রেরণ করার জন্য। শোকসন্তপ্ত পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তদন্ত সুষ্ঠুভাবেই আগাচ্ছে, আমরা আশা করছি ইনশাআল্লাহ ন্যায়বিচার পাব। কোনো আইনজীবী মামলা না নিলে ন্যায়বিচারের স্বার্থে রাষ্ট্র অপরাধীদের জন্য আইনজীবী দেবে।'
সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, 'অপ্রতিম খুবই মিশুক একটা ছেলে ছিল। অপরাধীদের বয়স নিয়ে একটা লুকোচুরি আমরা দেখতে পাচ্ছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ রামিসা হত্যার বিচারের মতো আমাদের অপ্রতিম হত্যারও সুষ্ঠু বিচার যেন হয়।'
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম বলেন, 'অপরাধীদেরকে আইনশৃঙ্খলা বাহিনী যেমনভাবে গ্রেপ্তার করেছে, তেমনই তাদের থেকে জবানবন্দি নিতে আপনাদের ভূমিকা রয়েছে। অভিভাবকের সমস্যাকে কাজে লাগিয়ে কোনোভাবেই যেন অপরাধী শাস্তি থেকে মুক্তি না পায় সেই বিষয়ে খেয়াল রাখতে আপনাদের অনুরোধ জানাই। রামিসা হত্যার বিচার যেমনভাবে হয়েছে অপ্রতিম হত্যারও যেন দ্রুত বিচার হয়।'
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হক খন্দকার, সাবেক সভাপতি মো. শরিফুল ইসলামসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
