দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১,০০৯
দেশে আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এতে বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০০৯ জনে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এনিয়ে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯০৯ জনে দাঁড়িয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ জনে পৌঁছেছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৬৫ জন। এতে দেশজুড়ে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে।
এদিকে, নতুন করে ২৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশজুড়ে সন্দেহভাজন হামে আক্রান্ত মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
