কয়েকদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর
বিকল্প উৎস থেকে গ্যাস আমদানি ও সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে কয়েকদিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তবে চলমান জ্বালানি সংকটে জনগণ ও শিল্প খাতের দুর্ভোগের কথা স্বীকার করে তিনি বলেছেন, 'বাস্তবতা আড়াল করে কোনো 'মিরাকল ন্যারেটিভ' তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে না সরকার।'
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে 'বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা: সংকট ব্যবস্থাপনা থেকে স্থিতিস্থাপক জ্বালানি রূপান্তরের পথে' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিতুমীর বলেন, 'জ্বালানি নিরাপত্তা শুধু প্রযুক্তি, ব্যবস্থাপনা কিংবা অর্থনীতির বিষয় নয়; এটি সরকারের সচেতন রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয়। দেশের জ্বালানি খাতকে কীভাবে পরিচালনা করা হবে, তার ওপর জ্বালানি নিরাপত্তার ভবিষ্যৎ নির্ভর করছে।'
তিনি জানান, দেশে বর্তমানে গ্যাসের চাহিদা প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি), বিপরীতে সরবরাহ হচ্ছে ২,৬০০ থেকে ২,৭০০ এমএমসিএফডি। এর মধ্যে প্রায় ১,৬০০ এমএমসিএফডি আসছে অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১,০০০ এমএমসিএফডি এলএনজি থেকে।
আবেদন করা নতুন গ্রাহকদের চাহিদা যুক্ত হলে মোট চাহিদা ৫,২০০ এমএমসিএফডিতে পৌঁছাতে পারে বলেও জানান তিনি।
চাহিদা মেটাতে মাতারবাড়ীতে ১,০০০ এমএমসিএফডি সক্ষমতার স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল এবং মহেশখালীর গভীর সমুদ্রে ৬০০ এমএমসিএফডি সক্ষমতার ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের লক্ষ্যে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানান তিতুমীর।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২০২৭ সালের শুরুর দিকে উৎপাদনে আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, 'কেন্দ্রটি চালুর আগে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।'
জ্বালানি মজুত বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিতুমীর বলেন, 'গত ফেব্রুয়ারিতে দেশে ১৭ দিনের ডিজেল মজুত ছিল, যা এখন বেড়ে ৩২ দিনে দাঁড়িয়েছে। দীর্ঘমেয়াদে এ মজুত ৯০ দিনে উন্নীত করার চেষ্টা করছে সরকার।'
সেমিনারে এসটেক্স ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ইজাজ হোসেন বলেন, '২০১৫ সালে দেশের জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ আমদানিনির্ভর ছিল। বর্তমানে তা বেড়ে প্রায় ৬২.৫ শতাংশে দাঁড়িয়েছে—অর্থাৎ এক দশকে আমদানিনির্ভরতা বেড়েছে ৪২.৫ শতাংশ।'
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলে অপরিশোধিত তেল কিনে কৌশলগত মজুত গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, 'সংকটকালে মজুত ব্যবহার করা গেলে উচ্চমূল্যে আমদানির চাপ কমানো সম্ভব।'
বিআইআইএসএসের গবেষণা পরিচালক মাহফুজ কবির বলেন, 'আগস্টে দেশে গ্যাসের গড় সরবরাহ চাহিদার মাত্র ৫৫ শতাংশে নেমে এসেছিল। এতে নরসিংদী, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তারা খেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছেন, যা ব্যাংক খাতেও নতুন ঝুঁকি তৈরি করতে পারে।'
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মঞ্জুর আলম প্রধান জানান, বর্তমানে দেশে প্রায় ৭.২৮ হাজার মেট্রিক টন তেল মজুতের সক্ষমতা রয়েছে, যা দিয়ে প্রায় ৫৫ দিনের চাহিদা মেটানো সম্ভব। সরকার এই সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা করছে।
