ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার
ঢাকায় কাফরুলে বাসার বাইরে খেলতে গিয়ে অপহরণের শিকার ৭ বছরের শিশুকে শরীয়তপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুথী আক্তার (২২) নামে এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও ওই নারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) আকতার হোসেন।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকায় খেলতে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরা এক নারী শিশুটির হাত ধরে নিয়ে যাচ্ছেন। সেই ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীয়তপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাফরুল থানায় একটি মামলা করা হয়। উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।
