ইংল্যান্ডে দুই লরি ভরে ৮০০ ব্যারেল বিয়ার চুরি করে নিয়ে গেল চোরেরা
দুটি ভারী মালবাহী এইচজিভি ট্রেইলার নিয়ে একটি ডিপো থেকে ৮০০ ব্যারেলেরও বেশি 'গিনেস' বিয়ার চুরি করেছে চোর চক্র।
চেশায়ার পুলিশ জানিয়েছে, সোমবার রানকোর্নের অ্যাস্টন লেনের হোয়াইটহাউস ইন্ডিয়াষ্ট্রিয়াল এস্টেট থেকে আনুমানিক ১ লাখ ১৫ হাজার পাউন্ড মূল্যের প্রায় ৭০ হাজার পাইন্ট স্টাউট (এক ধরনের গাঢ় বিয়ার) চুরি করা হয়।
প্রথম লরিভর্তি বিয়ার সন্ধ্যা ৭:৪৫ এর দিকে এবং দ্বিতীয়টি রাত ৯:৩০-এর দিকে চুরি করা হয়। পুলিশ জানায়, প্রতিটি ব্যারেলে থাকা প্রায় ৮৮ পাইন্ট বিয়ার বিভিন্ন পানশালায় সরবরাহের কথা ছিল।
ডিটেক্টিভ সার্জেন্ট ম্যাকক্ল্যাচি বলেন, 'একটি বিখ্যাত কথা আছে—গিনেস আপনার জন্য উপকারী। তবে সেটি কেবল তখনই প্রযোজ্য, যখন তা অর্থ দিয়ে যথাযথভাবে কেনা হয়!' একটি লরিকে 'মার্সি গেটওয়ে' সেতুর দিকে এবং দ্বিতীয়টিকে 'রেইনহিল' ও 'ওয়াটকিনসন ওয়ে'-র দিকে যেতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, দুটি মালবাহী ট্রাকই দুই পুরুষ গাড়িচালক চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বর্ণনা অনুযায়ী প্রথম চালক শ্বেতাঙ্গ এবং ছোট কালো দাড়িসম্পন্ন, তার মাথায় একটি 'বিনি' টুপি ছিল। দ্বিতীয় চালক একটি সাধারণ টুপি পরা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। চুরি হওয়া ট্রেইলার এবং গিনেস বিয়ারসহ মোট পণ্যের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ পাঁচ হাজার পাউন্ড।
ট্রেইলারগুলোর বর্ণনায় বলা হয়েছে, এগুলো ট্রাই-অ্যাক্সেল বিশিষ্ট (তিনটি এক্সেল বা চাকার সারি যুক্ত) সাদা রঙের পর্দাযুক্ত ট্রেইলার। এগুলোর পাশের পর্দায় ও পেছনের দরজায় লজিস্টিকস কোম্পানি 'জিএক্সও'-এর লোগো রয়েছে।
পুলিশ জানায়, ট্রেইলারগুলোর পেছনের দরজার ওপরের বাম কোণে একটি করে স্বতন্ত্র নম্বর লেখা আছে। চুরি হওয়া ট্রাকগুলোর নম্বর ডিএল৭৩৬ অথবা ডিএল৫৪২।
