হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ট্রাম্পের
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম নিজের নামে বদলে 'ট্রাম্প প্রণালি' রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প ও কানাডার চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যেই তিনি সম্প্রতি নির্বাহী আদেশের মাধ্যমে লেক অন্টারির নাম বদলে 'লেক আমেরিকা' রাখার নির্দেশ দেন। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হরমুজ প্রণালির নাম বদলের প্রস্তাব দিলেন তিনি।
বুধবার সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, "এখন যেহেতু এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তাহলে কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত?"
তিনি আরও লেখেন, "আমেরিকার মতোই এটিও আগের যেকোনো সময়ের চেয়ে আরও 'উত্তপ্ত' হবে! এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প"
তবে যুক্তরাষ্ট্র থেকে এতদূরে অবস্থিত হরমুজ প্রণালির নাম বদলাতে ট্রাম্প কীভাবে উদ্যোগ নেবেন, তা এখনো স্পষ্ট নয়।
লেক অন্টারিওর নাম বদলানোর সময় ট্রাম্প মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সরকারি ভৌগোলিক নামের তথ্যভান্ডারে নতুন নাম যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। কানাডা তা প্রত্যাখ্যান করলেও, গুগল ও অ্যাপল ম্যাপ তাদের অ্যাপসে 'লেক আমেরিকা' নাম যুক্ত করেছে।
ট্রাম্প এর আগে মেক্সিকো উপসাগরের নাম বদলে 'গালফ অব আমেরিকা' রাখার ঘোষণা দিয়েছিলেন। মেক্সিকোসহ কয়েকটি দেশ তার তীব্র বিরোধিতা করেছিল এবং এমন সিদ্ধান্ত মেনে নেয়নি।
তবে হরমুজের নাম বদলের প্রস্তাবটি ট্রাম্প সত্যিই বাস্তবায়ন করতে চান কি না, সেটিও স্পষ্ট না। বুধবার বিকেলে হোয়াইট হাউসে এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, 'না, না... এটা শুধু বলে ছিলাম।'
ট্রাম্প ও তার প্রশাসনের দাবি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন আর ইরানের হাতে নেই। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয় হতো।
তবে যুদ্ধ শুরুর পর থেকে প্রণালিটিতে জাহাজ চলাচল আগের তুলনায় অনেক কমেছে। সাম্প্রতিক দিনগুলোতে তা আরও কমেছে বলে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানিয়েছে। কয়েক সপ্তাহের বিরতির পর এ অঞ্চলে আবারও সামরিক হামলা শুরু হয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের হরমুজ এড়িয়ে যাওয়া পাইপলাইনসহ হিসাব করলে অঞ্চলটির মোট তেল রপ্তানি যুদ্ধ শুরুর আগের তুলনায় এখন বেশি।
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বুধবার সিএনবিসিকে জানিয়েছেন, সোমবার হরমুজ প্রণালি দিয়ে ১৭ মিলিয়নের বেশি ব্যারেল তেল গেছে। যুদ্ধ শুরুর পর এটি সর্বোচ্চ। সংঘাত শুরুর আগে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য এই প্রণালি দিয়ে যেত।
