১০০ বছর পর প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মুদ্রায় জায়গা পেলেন ট্রাম্প
মার্কিন ধাতব মুদ্রায় স্থান পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। এক শতাব্দীর মধ্যে এই প্রথম কোনো জীবিত প্রেসিডেন্ট আমেরিকান মুদ্রায় স্থান পেলেন।
আমেরিকার ২৫০তম বার্ষিকী উদযাপনে বুধবার 'ইউএস মিন্ট' (মার্কিন মুদ্রা তৈরি সংক্রান্ত রাষ্ট্রীয় সংস্থা) ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত এবং "ইন গড উই ট্রাস্ট" (আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি) লেখা সম্বলিত এক ডলারের একটি স্মারক মুদ্রা উন্মোচন করেছে। ইউএস মিন্ট জানিয়েছে, এই বিশেষ সংস্করণের মুদ্রাটি ঐতিহাসিক বার্ষিকীর দিকে এগিয়ে যাওয়া একটি জাতির চেতনা, গর্ব এবং ঐতিহ্যকে তুলে ধরে। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইউএস মিন্ট-এর ওয়েবসাইটে মুদ্রার মজুদ শেষ হয়ে যায়। ২৫টি মুদ্রার একটি রোলের জন্য ৬১ ডলার এবং ১০০টি মুদ্রার একটি ব্যাগ ১৫৪.৫০ ডলার মূল্যে বিক্রি হচ্ছিল।
এ প্রসঙ্গে ইউএস মিন্ট জানায়, 'জাতীয় এই ঐতিহাসিক মাইলফলকটি উদযাপন করতে মুদ্রাটি তৈরি করা হয়েছে, যা আধুনিক সংগ্রাহকদের সংগ্রহে একটি বিশেষ সংযোজন হতে বাধ্য।' ওয়াশিংটন ডিসিতে ইউএস মিন্টের দোকানে থাকা ভেন্ডিং মেশিনেও এগুলো বিক্রি হচ্ছে। মুদ্রাগুলোর রঙ সোনালি হলেও এতে প্রকৃত স্বর্ণ নেই। ইউএস মিন্টের তথ্য অনুযায়ী, এগুলো ৮৮.৫ শতাংশ তামা দিয়ে তৈরি এবং বাকি অংশে দস্তা, ম্যাঙ্গানিজ ও নিকেল রয়েছে।
চলতি বছরের মে মাসে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, তার বিভাগ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত একটি নতুন ২৫০ ডলারের নোট চালুর পরিকল্পনা করছে। ফেডারেল আইন অনুযায়ী জীবিত কোনো ব্যক্তির ছবি মার্কিন কাগুজে নোটে ছাপানো নিষিদ্ধ। কংগ্রেসে ট্রাম্পের সহযোগীরা এতে একটি ব্যতিক্রমী সুযোগ তৈরির লক্ষ্যে আইনি প্রস্তাব উত্থাপন করলেও বিষয়টি বর্তমানে স্থগিত রয়েছে। সে সময় বেসেন্ট উল্লেখ করেন, এর আগেও অপর একজন জীবিত মার্কিন প্রেসিডেন্ট দেশটির মুদ্রায় আবির্ভূত হন।
১৯২৬ সালে আমেরিকার ১৫০তম বার্ষিকী উদযাপনে প্রকাশিত একটি অর্ধ-ডলারের মুদ্রায় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি ছিল। ট্রাম্পের প্রথম মেয়াদের 'সার্কুলেটিং কালেক্টেবল কয়েন রিডিজাইন অ্যাক্ট ২০২০' আইনটির উদাহরণও এনেছে ট্রাম্প প্রশাসন । যদিও এ আইন অনুযায়ী মুদ্রার পেছনের পিঠে জীবিত ব্যক্তির প্রতিকৃতি নিষিদ্ধ, তবে এটি মুদ্রার সামনের পিঠের জন্য প্রযোজ্য নয়। নতুন ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের ছবি ফুটে উঠেছে সামনের পিঠেই। ১৮৬৬ সালের 'থেয়ার সংশোধনী' অনুযায়ী মার্কিন কাগুজে নোটে যেকোনো জীবিত ব্যক্তির প্রতিকৃতি নিষিদ্ধ করা হয়েছে, যদিও প্রথাগতভাবে এটি ধাতব মুদ্রার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
