গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষক
গবেষণায় অসামান্য অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে তাদের সম্মাননা প্রদান করা হবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য গুগল স্কলার প্রোফাইলে ২ হাজার বা এর বেশি সাইটেশনপ্রাপ্ত ৫৯ জন শিক্ষক ও গবেষকদের সম্মাননা প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালকেরা উপস্থিত থাকবেন।
