এইচবিও-এর হ্যারি পটার সিরিজে নিকোলাস হল্টের স্থলাভিষিক্ত হলেন কিট হ্যারিংটন
অভিনেতা কিট হ্যারিংটন 'গিল্ডরয় লকহার্ট' চরিত্রের মাধ্যমে 'হ্যারি পটার' টিভি সিরিজে যোগ দিচ্ছেন। এক্স-মেন খ্যাত তারকা নিকোলাস হল্টকে চলতি মাসের শুরুতে এই সিরিজের দ্বিতীয় সিজনের জন্য নির্বাচন করা হয়েছিল, তবে শুটিংয়ের সময়সূচির জটিলতার কারণে তিনি প্রকল্প ছাড়তে বাধ্য হন।
'গেম অফ থ্রোনস' সিরিজে আট মৌসুম জুড়ে 'জন স্নো' চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া হ্যারিংটন বিবিসি ও এইচবিও-এর আর্থিক ড্রামা সিরিজ 'ইন্ডাস্ট্রি'তেও কাজ করছেন। এই তারকা এর আগে হ্যারি পটারের অডিও সংস্করণেও লকহার্ট চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
এক সাক্ষাৎকারে হ্যারিংটন বলেন, 'আমি হ্যারি পটারের বিশাল ভক্ত। সত্যি বলতে, লকহার্ট আমার অন্যতম প্রিয় একটি চরিত্র। তাই এ চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটা সত্যি এক স্বপ্নের মতো। অডিওবুকে কন্ঠ দেওয়ার সময় এই চরিত্রের কিছুটা স্বাদ নেওয়া হয়েছিল এবং এটিকে বুঝে নেওয়ার সুযোগ হয়েছিল। এটি সত্যি এক অসাধারণ চরিত্র।'
চলতি বছরের বড়দিনে 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন' এইচবিও ম্যাক্সে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।
সিরিজের দ্বিতীয় সিজনটি জে. কে. রাউলিংয়ের দ্বিতীয় বই 'দ্য চেম্বার অব সিক্রেটস'-এর ওপর ভিত্তি করে তৈরি করা হবে, যেখানে জাদুবিদ্যার স্কুলে পটারের দ্বিতীয় বছরের গল্প তুলে ধরা হবে।
হ্যারি পটারের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এক পোস্টে বলা হয়, 'হগওয়ার্টসে আমাদের দ্বিতীয় বর্ষ শুরু করার আগে, শুটিংয়ের সময়সূচির কারণে একটি ছোট পরিবর্তন এসেছে: গিল্ডরয় লকহার্ট চরিত্রে এখন স্থলাভিষিক্ত হবেন কিট হ্যারিংটন।'
সর্বাধিক বিক্রিত বইটির ওপর ভিত্তি করে নির্মিত নতুন এই সিরিজে হ্যারি পটার চরিত্রে অভিনয় করছেন নতুন মুখ ডমিনিক ম্যাকলাফলিন, রন উইজলি চরিত্রে অ্যালাস্টেয়ার স্টাউট এবং হারমাইনি গ্রেঞ্জার চরিত্রে দেখা যাবে অ্যারাবেলা স্ট্যান্টনকে।
হগওয়ার্টসের প্রধান শিক্ষক অ্যালবাস ডাম্বলডোর চরিত্রে অভিনয় করছেন অস্কারমনোনীত অভিনেতা জন লিথগো এবং গ্রাউন্ডকিপার রুবিয়াস হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করবেন নিক ফ্রস্ট।
এর মাধ্যমে হ্যারিংটন আবারও পরিচালক ও প্রযোজক মার্ক মাইলোড-এর সাথে কাজ করবেন। মাইলোড 'গেম অব থ্রোনস'-এ কাজ করেছেন এবং নতুন হ্যারি পটার সিরিজের কিছু পর্ব পরিচালনা করেছেন। মূল লেখিকা জে. কে. রাউলিংয়ের পাশাপাশি মাইলোডও এই নতুন সিরিজের একজন নির্বাহী প্রযোজক।
ওয়ার্নার ব্রাদার্সের হ্যারি পটার সিরিজে লকহার্ট চরিত্রে অভিনয় করেছিলেন কেনেথ ব্র্যানাগ। রাউলিংয়ের অত্যন্ত সফল সিরিজের দ্বিতীয় বইয়ে এই চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অহংকারী এই জাদুকর, যিনি কালো জাদুর প্রাণীদের সাথে তার কথিত নানা অভিজ্ঞতা নিয়ে একাধিক বই লিখেছেন, হগওয়ার্টসের 'ডিফেন্স এগেইনস্ট দ্য ডার্ক আর্টস' বিষয়ের নতুন শিক্ষক হিসেবে যোগ দেন এবং হ্যারির দ্বিতীয় বর্ষে নিজেকে তার একজন মেন্টর মনে করেন।
প্রজেক্টটিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের কারণে নিকোলাস হল্ট ভক্তদের একাংশের কাছ থেকে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। ট্রান্সজেন্ডার অধিকার বিষয়ে লেখিকা রাউলিংয়ের বিতর্কিত মতামতের কারণে এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়া অভিনেতাদের অনেকেই সমালোচিত হচ্ছেন বলে অবিনেতাদের কয়েকজন প্রকাশ করেছিলেন।
তবে এ বিষয়ে হ্যারিংটন এবং হল্টের প্রতিনিধিদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এইচবিও-এর এই সিরিজটি সম্পূর্ণ হতে প্রায় ১০ বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ প্রযোজকদের পরিকল্পনা অনুযায়ী, রাউলিংয়ের সাতটি মূল বইয়ের ওপর ভিত্তি করে একাধিক সিজন তৈরি করা হবে—যে বইগুলো থেকে পূর্বে আটটি ব্লকবাস্টার চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল।
