উসাইন বোল্টের বিশ্বরেকর্ড ভাঙল চীনা রোবট ‘লাইটনিং’, ১০০ মিটার দৌড়াল ৯.৩২ সেকেন্ডে
চীনা প্রযুক্তি ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান- অনার (Honor)-এর তৈরি 'লাইটনিং' নামের একটি হিউম্যানয়েড রোবট ১০০ মিটার স্প্রিন্টে মাত্র ৯.৩২ সেকেন্ড সময় নিয়ে মানুষের তৈরি বিশ্বরেকর্ড ভেঙেছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
বেইজিংয়ে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক টেস্ট ইভেন্টে রোবটটি দৌড়ানোর সময় সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ১৪.৫ মিটার গতি অর্জন করে। এই গতি ও ৯.৩২ সেকেন্ডের সময়—২০০৯ সালে বার্লিন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের দ্রুততম ১০০ মিটার দৌড়ের রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে।
গতির পাশাপাশি দূরপাল্লার দৌড়েও নিজ সক্ষমতার ছাপ রেখেছে 'লাইটনিং'। গত এপ্রিলে ২১ কিলোমিটার দীর্ঘ বেইজিং হাফ ম্যারাথনে রোবটটি ৫০ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করে, যা পেশাদার মানব অ্যাথলেটদের বিশ্বরেকর্ড করা গতির চেয়েও দ্রুত ছিল।
হাফ ম্যারাথনে অংশ নেওয়ার সময় ১৬৯ সেন্টিমিটার উচ্চতার এই রোবটটির পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। পরবর্তীতে স্প্রিন্ট প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে গবেষকরা রোবটটির পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১.০৫ মিটারে উন্নীত করেন।
চীন হিউম্যানয়েড রোবোটিক্সকে অন্যতম উদীয়মান ও কৌশলগত প্রযুক্তি খাত হিসেবে গুরুত্ব দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক হার্ডওয়্যার প্রযুক্তির অগ্রগতির কারণে উৎপাদন, লজিস্টিকস ও নানা বাণিজ্যিক ক্ষেত্রে এসব রোবটের ব্যবহার দ্রুত বাড়বে বলে আশা করছেন দেশটির নীতিনির্ধারকরা।
