মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার (১০ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে চার্জ গঠন সংক্রান্ত শুনানির দিন ছিল। তবে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) শুনানি পেছাতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, পরীমনির সন্তানকে টিকা দেওয়ায় জ্বর হয়েছে। পাশাপাশি সন্তানের জন্মদিন হওয়ায় আজ আদালতে উপস্থিত হতে পারেননি।
আবেদন মঞ্জুর করে আদালত ২৯ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন চিত্রনায়িকা পরীমনি। তার কয়েক দিন পরে ওই বছরের ৪ আগস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদসহ মাদকদ্রব্য উদ্ধারের কথা জানায় র্যাব। পরে তার বিরুদ্ধে মামলা করে র্যাব। এ মামলায় এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।
ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়। মামলার অপর দুই আসামি হলেন, পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং পরীমনির খালু কবীর হোসেন হাওলাদার।
