ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন আলোচনার ঘোষণায় তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে
তেহরানের সঙ্গে নতুন করে ওয়াশিংটনের কূটনৈতিক আলোচনার ইঙ্গিতে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কেটে যাওয়ায় এশিয়ার বাজারেও অপরিশোধিত তেলের দামে বড় দরপতন ঘটেছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি ফের চালু করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন আলোচনার কথা ঘোষণা দেওয়ার পর আজ সোমবার (৩ আগস্ট) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই তেলের দরপতন ঘটে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষভাগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এ যুদ্ধে তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহে বিশ্বের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় এ অস্থিরতা সৃষ্টি হয়।
স্থানীয় সময় রোববার (২ আগস্ট) রাত ১১টা নাগাদ, আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক 'ব্রেন্ট নর্থ সি'র সেপ্টেম্বর সরবরাহের জন্য নির্ধারিত দাম ব্যারেলপ্রতি চার দশমিক ৬৯ শতাংশ কমে ৮৩ দশমিক ৮১ ডলারে নেমে আসে।
যুক্তরাষ্ট্রের মূল মানদণ্ড 'ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট' (ডব্লিউটিআই)-এর দামও ৪ দশমিক ৬৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৭২ ডলার দাঁড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২ আগস্ট) জানিয়েছেন, একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রেখে সোমবার (৩ আগস্ট) থেকেই নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হতে যাচ্ছে।
আলোচনার স্থান বা অংশগ্রহণকারীদের বিষয়ে বিস্তারিত না জানিয়ে রোববার ট্রাম্প বলেন, "আমরা তাদের (ইরান) সঙ্গে আলোচনার টেবিলে বসছি। আগামীকাল (আজ) দুপুর থেকেই এটি শুরু হচ্ছে।"
অপরদিকে, রোববার ইরানে যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা স্থগিতের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরান জানায়, হরমুজ প্রণালি দিয়ে একটি নতুন পথ তৈরির বিষয়ে ওমানের সঙ্গে তাদের চুক্তি প্রায় চূড়ান্তের পথে রয়েছে।
