প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মুহাম্মদ রাশেদ খান।
রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জনস্বার্থে জারি করা হয়েছে।
রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ-এর যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি গণঅধিকার পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে গণঅধিকার পরিষদ থেকে বহিষ্কৃত হন রাশেদ খান। পরে একই বছরের ২৭ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দেন।
