ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জাহিদুল ইসলাম। তিনি নীলফামারীর পুলিশ সুপার (এসপি) পদে থাকাকালে জাতীয় নির্বাচনের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক করে দেশজুড়ে আলোচনায় এসেছিলেন।
শনিবার (১৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে শেখ জাহিদুল ইসলামকে রমনা বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়। একই আদেশে ডিএমপির ডিসি মিনা মাহমুদাকে ডিএমপির ট্রাফিক অ্যাডমিন (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে গত ৫ মে রমনা বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলি করা হয়। একই দিন নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। শনিবারের আদেশে তাকে রমনা বিভাগের আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হলো।
এই পুলিশ কর্মকর্তার আলোচিত হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই নির্বাচনের ঠিক আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ ৭৪ লাখ টাকাসহ আটক করেন তৎকালীন নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম। এই ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে ওই পুলিশ কর্মকর্তার বহিষ্কার দাবি করা হয়েছিল।
