কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমাতে যাওয়ার পর সকালে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম রতন (২০)। তিনি ওই গ্রামের হোসেন মিস্ত্রির ছেলে। রতন পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন। বছরখানেক আগে তার বিয়ে হয়। দুই মাস বয়সি একটি মেয়েও আছে তার।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে নিজ ঘরে ঘুমাতে যান রতন। সোমবার সকালে দীর্ঘ সময় পার হলেও তিনি ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে তাকে ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে।
রতনের বাবা হোসেন মিস্ত্রি বলেন, আমার ছেলে ব্রাজিল দলের সমর্থক ছিল। গত রাতে খেলায় ব্রাজিল হেরে যাওয়ার পর তার মন খারাপ ছিল। এরপর সে নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখি সে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তবে আত্মহত্যার নির্দিষ্ট কোনো কারণ আমরা বলতে পারছি না।
স্বজনেরা জানান, মেয়ের জন্মের পর থেকে রতনের স্ত্রী তার বাবার বাড়িতে ছিলেন। ঘটনার সময় রতন ঘরে একাই ছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, আত্মহত্যার পেছনে সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। শুধু পছন্দের ফুটবল দল হেরে যাওয়ায় কেউ আত্মহত্যা করেছেন, এমনটি বলার সুযোগ নেই। বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা থাকলেও সেটি তদন্তসাপেক্ষ।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃত্যুর বিষয়ে কারও আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
