চলমান প্রকল্প পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধন ও পরিমার্জন করা হবে: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
বর্তমান সরকার চলমান প্রকল্পগুলো বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করবে। তবে উন্নয়ন কার্যক্রম স্থবির বা গতিহীন করা বর্তমান সরকারের লক্ষ্য নয়। এই সরকারের লক্ষ্য হচ্ছে গতি বজায় রেখে পর্যালোচনা করা, এবং এর মধ্যেই প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা হবে। আমার এগোতে থাকব, কোথাও থামব না আমরা।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো পরিকল্পনা মন্ত্রণালয়ের এসে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি আরো জানান, সামনে যে প্রকল্পগুলো (নতুন) নেওয়া হবে, সেখানেও বিবেচনার রাখা হবে—আমরা কীভাবে সমষ্টিগতভাবে উন্নতি করতে পারি। মানুষ কীভাবে শিক্ষা, দক্ষতা, মানবিকতা লাভ করতে পারে। এই জায়গা থেকে উন্নতির পরিকল্পনা সাজাতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশকে গুরুত্বের মধ্যে রাখা হবে। আমাদের লক্ষ্য হবে, মানুষের জীবনের গুণগত পরিবর্তন করা এবং এদেশের শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন করা। অবশ্যিকভাবে আমাদের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সব ক্ষেত্রে যাতে পরিবর্তনের প্রভাব পড়ে। এ লক্ষ্য বিবেচনায় রেখে আমাদের পরিকল্পনা সাজাতে হবে।
তিনি বলেন, যদি পরিকল্পনা ঠিক থাকে, তাহলে বাস্তবায়ন সহজ হয়ে যাবে। এদিক থেকে বর্তমানের সরকারের ভিত হিসাবে কাজ করবে পরিকল্পনা মন্ত্রণালয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ দিয়ে বাংলাদেশ বদলের সুযোগ তৈরি করতে চাই আমরা।
প্রতিমন্ত্রী আরো বলেন, বৈষম্যহীনতার মানেই হচ্ছে কীভাবে আমরা ন্যায্য ভাগ সব মানুষের মধ্যে পৌঁছাতে পারি। যারা দেশের বেশিরভাগ সম্পদ যারা সৃষ্টি করে, সেসব খেটে খাওয়া মানুষের নায্য হিস্যা জরুরি। এটা যত বেশি তৈরি করা যাবে, সামষ্টিকভাবে অর্থনীতির ততই বিকাশ হতে থাকবে।
