ফেব্রুয়ারির মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবে: শিক্ষা উপদেষ্টা
ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেন, 'ক্লাস থ্রি পর্যন্ত ৮৫ ভাগের বেশি বই মাঠে চলে গেছে। আর চতুর্থ-পঞ্চম শ্রেণীর ৮৪ ভাগ বই মাঠে চলে গেছে। আশা করি ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বইগুলো পেয়ে যাবে।'
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের শ্রীপুরে এক কনফারেন্স উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এসময় উপদেষ্টা বলেন, 'একজন মানুষ তার বাচ্চাকে কোথায় পড়াবে সেটা তার নিজের সিদ্ধান্ত। সুতরাং কেউ যদি মনে করে কিন্ডারগার্টেনে গেলে বাচ্চার ভালো পড়াশোনা হবে সেটা তার ব্যাপার। কিন্তু আমাদের দায়িত্ব দুইটা। প্রথমত, প্রাইমারি শিক্ষার মান বাড়ানোর চেষ্টা করা। যেসব জায়গায় প্রাইমারি স্কুল ভালো সেখানে কিন্তু লোকজন ভর্তি করানোর জন্য ভিড় করে। দ্বিতীয়ত, আমরা দেখব কিন্ডারগার্টেনে যেন আমাদের কারিকুলাম ফলো করা হয়।'
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ আয়োজনে পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক দুই দিনব্যাপী রিডিং কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম, অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান পিইডিপি-৪, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) পরিচালক জিয়া আহম্মেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) পরিচালক হোসনে আরা বেগম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন, অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আতাউল গণি, রুম টু রিড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ প্রমুখ।
