দীপু দাস হত্যা: বাড়ি নির্মাণসহ ৫০ লাখ টাকা সহায়তার ঘোষণা সরকারের
ধর্ম অবমাননার অভিযোগে হত্যার শিকার ময়মনসিংহের কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসের (দীপু দাস) পরিবারকে বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ এবং তারা বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, তার সন্তানের জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করা হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার এসব তথ্য জানান।
শিক্ষা উপদেষ্টা জানান, এ সহায়তা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ইউএনও-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে।
তিনি বলেন, 'দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, যার কোনো অজুহাত নেই এবং আমাদের সমাজে এর কোনো স্থান নেই। তার পরিবারেরকে সহায়তার যে প্রচেষ্টা সরকার করেছে তা একটি জীবনের তুলনায় কিছুই নয়। রাষ্ট্র নিশ্চয়ই সুবিচার নিশ্চিত করবে।'
তিনি আরও বলেন, 'সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে, তা পুরো জাতির জন্য লজ্জার। ন্যায়বিচারই কেবল এই লজ্জা থেকে আমাদের মুক্তি দিতে পারে।'
শিক্ষা উপদেষ্টা বলেন, 'আমরা একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে সব ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মতপ্রকাশের শান্তিপূর্ণ অধিকারকে সম্মান করি—যতক্ষণ তা অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয়। মতভেদ বা আপত্তির মুহূর্তেও কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না।'
তিনি বলেন, 'এ ঘটনায় সরাসরি জড়িত ১২ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।'
শিক্ষা উপদেষ্টা বলেন, 'এই ঘটনায় যারা দায়ী, তাদের সবাইকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।'
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় কথিত ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে সনাতন ধর্মাবলম্বী দীপু দাসকে পিটিয়ে ও পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
