মার্কিন সামরিক বাহিনীতে জেনারেল ও অ্যাডমিরাল পদ ২০% কমানোর সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের
পেন্টাগনের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদল আনতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জেনারেল এবং অ্যাডমিরাল পদসংখ্যা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন পেন্টাগন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, বুধবার ভার্জিনিয়ার মেরিন কোর বেস কোয়ান্টিকোতে জুনিয়র কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশে 'স্টেট অব দ্য ফোর্স' ভাষণ দেওয়ার সময় হেগসেথ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, শীর্ষ কর্মকর্তাদের প্রায় ৮০০টি জেনারেল ও ফ্ল্যাগ অফিসার পদের ওপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে। হেগসেথ গত বছর এ সংক্রান্ত পদ ১০ শতাংশ কমানোর কথা জানিয়েছিলেন। বর্তমানে সেটি দ্বিগুণ করে ২০ শতাংশে উন্নীত করার নির্দেশ দিতে যাচ্ছেন তিনি। ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, এক তারকা (ওয়ান-স্টার) বা তার চেয়ে উচ্চপদস্থ জেনারেল এবং নৌবাহিনীর সমমর্যাদার কর্মকর্তারা এই ছাঁটাইয়ের আওতায় পড়তে পারেন।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, একের পর এক বরখাস্ত ও পদোন্নতি স্থগিতের ঘটনার পর এই নতুন সিদ্ধান্তের কারণে 'শত শত বর্তমান ও উদীয়মান সামরিক কর্মকর্তার পেশাগত জীবন প্রভাবিত হতে পারে'।
২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ দুই ডজনেরও বেশি শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত কিংবা অবসরে যেতে বাধ্য করেছেন। এর মধ্যে গত এপ্রিলে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে।
এছাড়া চার তারকা পদমর্যাদার একমাত্র দুজন নারী জেনারেলসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন নারী কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। হেগসেথের সঙ্গে মতবিরোধের জেরে চলতি মাসেই পদত্যাগ করেছেন আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল।
সামরিক বাহিনীর উচ্চপদ কমানোর পক্ষে যুক্তি দিয়ে হেগসেথ বলেন, 'নেতৃত্বকে আরও গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কাঠামো কমানো' এই পদক্ষেপের লক্ষ্য। গত বছরের মে মাসে প্রকাশিত এক স্মারকে তিনি আরও উল্লেখ করেন, সামরিক বাহিনীকে 'অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক স্তর' থেকে মুক্ত করাই তার উদ্দেশ্য।
এর আগে, গত বছর তিনি বাহিনীতে 'ওক' সংস্কৃতির অবসান এবং শারীরিক সক্ষমতা যাচায়ের ক্ষেত্রে একক মানদণ্ড চালুর ঘোষণা দিয়েছিলেন।
এদিকে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড হেগসেথের এই পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব বাতিলের বিষয়টি কংগ্রেসের সঙ্গে আলোচনার মাধ্যমে হওয়া উচিত এবং এই পরিকল্পিত ছাঁটাইয়ের উদ্যোগ 'প্রতিটি মার্কিন নাগরিককে শঙ্কিত করা উচিত'।
রিড আরও বলেন, 'সারা বিশ্বে আমাদের সামরিক বাহিনী বড় ধরনের অভিযান পরিচালনা করছে এবং বাহিনীটি এমনিতেই তীব্র চাপের মধ্যে রয়েছে।'
উল্লেখ্য, মার্কিন আইন অনুযায়ী জেনারেল পদমর্যাদার সংখ্যা নির্দিষ্ট করা থাকে; তবে প্রশাসন চাইলে কংগ্রেসে নতুন নামের প্রস্তাব না পাঠিয়ে এসব পদ শূন্য রাখতে পারে।
