বোয়িং ৭৩৭ ম্যাক্সের ল্যান্ডিং নেভিগেশন ফিচারে সফটওয়্যর ত্রুটি, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা
বোয়িং তাদের ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজে এমন একটি সফটওয়্যার ত্রুটি শনাক্ত করেছে, যা আগে প্রকাশ করা হয়নি। এ ত্রুটির কারণে অবতরণের সময় স্বয়ংক্রিয় নেভিগেশন ফিচার বিকল হয়ে যেতে পারে। এতে উড়োজাহাজ অবতরণের সময় নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে।
কোম্পানিটির নথিপত্রের বরাত দিয়ে শনিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ককপিটের একটি সফটওয়্যার আপডেটের পর থেকে এই সমস্যা দেখা দিয়েছে। কোনো কারণে অবতরণ ব্যর্থ হওয়ার পর ক্রুরা যখন তাদের নির্ধারিত উড্ডয়ন পথ পরিবর্তন করেন, তখন এই ত্রুটি ঘটতে পারে।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বোয়িং জানায়, তারা গত মাসেই ৭৩৭-এর সমস্ত অপারেটরকে এই সফটওয়্যার ত্রুটির বিষয়ে জানিয়েছে। অবতরণের সময় একটি নির্দিষ্ট পরিস্থিতিতে পাইলটরা স্বয়ংক্রিয় ফ্লাইট গাইডেন্স না-ও পেতে পারেন।
রয়টার্সকে দেওয়া এক ইমেইল বিবৃতিতে বোয়িং বলেছে, তারা অপারেটরদের তথ্য জানিয়েছে। 'সমস্যাটি স্থায়ীভাবে সমাধানের জন্য আমাদের প্রকৌশলীরা একটি সফটওয়্যার আপডেট নিয়ে কাজ করছেন।'
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, তারা নির্দিষ্ট কিছু বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের ফ্লাইট কম্পিউটারের সফটওয়্যার আপডেটে সম্ভাব্য এই ত্রুটির বিষয়ে অবগত আছে। বোয়িং ও এয়ারলাইনগুলোর সাথে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, 'এফএএ একটি কারেক্টিভ অ্যাকশন রিভিউ বোর্ড গঠন করবে। কোনো নিরাপত্তা ঝুঁকি শনাক্ত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।'
এক করিডরবিশিষ্ট এই ন্যারো-বডি উড়োজাহাজটি বোয়িংয়ের সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী জেটের সর্বশেষ সংস্করণ এবং কোম্পানির আয়ের অন্যতম প্রধান উৎস।
তবে ২০১৮ ও ২০১৯ সালে দুটি মারাত্মক ৭৩৭ ম্যাক্স দুর্ঘটনার পর বিশ্বব্যাপী এই উড়োজাহাজের উড্ডয়ন প্রায় দুই বছর বন্ধ রাখা হয়েছিল। এরপর সম্প্রতি প্রায় নতুন একটি আলাস্কা এয়ারলাইন্স ম্যাক্স ৯ উড়োজাহাজের কেবিন প্যানেল মাঝ-আকাশে খুলে যাওয়ার ঘটনার পর গত কয়েক বছরে নিয়ন্ত্রক সংস্থাগুলোর কঠোর নজরদারি ও নিরাপত্তা যাচাইয়ের মধ্যে আছে বোয়িং।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, সাউথওয়েস্ট এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্স বোয়িংকে অনুরোধ করেছে যেন ত্রুটিপূর্ণ সফটওয়্যারযুক্ত নতুন ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ তাদের সরবরাহ করা না হয়। এর পরিবর্তে তারা আগের সংস্করণের সফটওয়্যার ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঠিক কতগুলো উড়োজাহাজ বর্তমানে এই ত্রুটিপূর্ণ সফটওয়্যার নিয়ে চলাচল করছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
