কেরালায় দাঁড়িয়ে থাকা লড়িকে প্রাইভেট কারের ধাক্কা, ৮ প্রকৌশল শিক্ষার্থীর মৃত্যু
ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা লড়ির পেছনে প্রাইভেট কারের ধাক্কায় তামিলনাড়ুর আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ত্রিশূর জেলার কৈপমঙ্গলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তামিলনাড়ুর দিনদিগুলের একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থীরা প্রাইভেটকারে গুরুবায়ুর থেকে কোদুঙ্গালুরের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লড়ির পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ছয় শিক্ষার্থী মারা যান। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর পরই লড়িটির চালক পালিয়ে যান। এ ঘটনায় লড়িচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
