‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা শুক্রবার ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে অস্বাভাবিক এক সমস্যার মুখোমুখি হন। কোর্টে গাঁজার তীব্র গন্ধ আসায় তিনি খেলা থামিয়ে আম্পায়ারের কাছে অভিযোগ দেন।
লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে ম্যাচে শুরুতেই ৩-০ গেমে এগিয়ে যান সাবালেঙ্কা। পরে সরাসরি দুই সেটে ম্যাচ জেতেন তিনি।
দ্বিতীয় সার্ভিস গেমে ৩০-০ পয়েন্টে এগিয়ে থাকার সময় গন্ধটি নিয়ে অভিযোগ করেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। আম্পায়ার ইভা আসদেরাকি-মুরকে তিনি বলেন, 'কে যেন গাঁজা টানছে। আপনি কি একটু ব্যবস্থা নেবেন? গন্ধটা খুব তীব্র।'
পরে সাংবাদিকদের সাবালেঙ্কা বলেন, কেউ আনন্দ করতে চাইলে তাতে তার আপত্তি নেই। তবে টেনিস কোর্টের আশপাশে ধূমপান না করার অনুরোধ জানান তিনি।
হেসে সাবালেঙ্কা বলেন, 'আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি ধূমপান করতে পারেন, যতটা সম্ভব আনন্দ করতে পারেন। কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে এটা করবেন না। সেরা খেলাটা খেলতে গিয়ে এই গন্ধ সামলানো একটু কঠিন।'
ইউএস ওপেনের ভেন্যু ফ্লাশিং মিডোসে গাঁজার গন্ধ পাওয়ার ঘটনা নতুন নয়। তবে এটি খেলোয়াড়দের কাছে বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে। এর আগেও বিভিন্ন ম্যাচে গন্ধের কারণে খেলোয়াড়রা অভিযোগ জানিয়েছেন।
টেনিস কমপ্লেক্সের ভেতরে ধূমপান নিষিদ্ধ। তবে নিউইয়র্কে ২১ বছরের বেশি বয়সীদের জন্য 'রিক্রিয়েশনাল ক্যানাবিস' (বিনোদনের জন্য ব্যবহৃত গাঁজা) বৈধ। ফলে আশপাশের ফ্লাশিং মিডোস-কোরোনা পার্ক থেকে গাঁজার ধোঁয়া টেনিস কমপ্লেক্স ও কোর্টে চলে আসতে পারে।
সাবালেঙ্কা জানিয়েছেন, টুর্নামেন্ট চলাকালে এর আগেও তিনি গাঁজার গন্ধ পেয়েছেন। তবে কোনো ম্যাচে শুক্রবারের মতো এত তীব্র গন্ধ পাননি। তার ধারণা, বাতাসের কারণে বাইরের গন্ধ স্টেডিয়ামে ঢুকে পড়েছিল।
তিনি বলেন, 'হ্যাঁ, গন্ধটা খুব তীব্র ছিল। সেদিন বাতাসও একটু বেশি ছিল। এটা দর্শকদের দিক থেকে আসছিল, নাকি বাইরে থেকে, জানি না। বাতাসের কারণে গন্ধটা স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েছিল।'
সাবালেঙ্কা বলেন, 'আশা করি, মানুষ এ বিষয়ে একটু বেশি সচেতন হবে।'
পরে গাঁজা নিয়ে আবার প্রশ্ন করা হলে হেসে তিনি বলেন, 'গাঁজা নিয়ে আর কিছু বলার নেই। আমি শুধু মানুষকে টেনিস কোর্টের পাশে গাঁজা না খাওয়ার অনুরোধ করছি।'
