বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
নিজ এলাকায় যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী গাড়ির সামনে হঠাৎ এক নারী চলে এলে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে গেছে। তবে গাড়িটির ধাক্কায় আহত পথচারী নারীকে বাঁচানো যায়নি। দুর্ঘটনায় প্রতিমন্ত্রীও সামান্য আহত হয়েছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিরোজা (৫৫) নামে আহত ওই নারী মারা গেছেন। তার মরদেহ টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার বেলা ১২টার দিকে বগুড়া সদরের বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফিরোজা। তিনি শিবগঞ্জের গোপিনাথপুর গ্রামের গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। গোপিনাথপুর এলাকায় তার গাড়িবহর পৌঁছালে হঠাৎ গাড়ির সামনে ফিরোজা চলে আসেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এ ঘটনায় ফিরোজা নারী আহত হন। পরে তাকে হাসপাতালে পাঠান স্থানীয়রা।
দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য গাড়িতে চড়ে তার গন্তব্য জয়পুরহাটের দিকে রওনা হন।
