তেহরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন সক্ষমতার ৭৫ শতাংশের বেশি এখনও অক্ষত, ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ৭৫ শতাংশের বেশি অক্ষত এবং এখনও ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।
বুধবার ইরানের সেনাবাহিনীর নির্বাহী উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ এ তথ্য জানান।
তার এই বক্তব্য ইরানের সামরিক সক্ষমতার ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ বলেন, ওয়াশিংটন যেমন দাবি করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ততটা সফল হয়নি।
শেখ বলেন, 'ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ৭৫ শতাংশের বেশি অক্ষত এবং ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।'
ইরানের ড্রোন ব্যবস্থাকে তিনি 'শত্রুর জন্য দুঃস্বপ্ন' হিসেবে উল্লেখ করেন।
হামলা সত্ত্বেও তেহরান এখনও নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারে সক্ষম, তা তুলে ধরতেই তিনি এ মন্তব্য করেন।
তার এই বক্তব্য গত মাসে ট্রাম্পের দেওয়া মূল্যায়নের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। সে সময় ট্রাম্প বলেছিলেন, ইরানের আগের ক্ষেপণাস্ত্র মজুতের মাত্র ২১ থেকে ২২ শতাংশ অবশিষ্ট রয়েছে।
