মার্কিন হামলায় ইরান ‘প্রস্তরযুগে’ ফিরে গেছে : ট্রাম্প
মার্কিন হামলায় ইরানের সামরিক শক্তি 'অনেকাংশেই খর্ব' হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'বর্তমানে তাদের কিছু অবশিষ্ট থাকলেও তা প্রায় শেষ হয়ে গেছে। উদাহরণস্বরূপ বলা যায়, তাদের নৌবাহিনীর ১৫৯টি জাহাজ ছিল; যার ১৫৯টিই এখন সমুদ্রের নিচে।' মার্কিন সংবাদমাধ্যম নিউজ ম্যাক্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প আরও দাবি করেন, তেহরানের 'সবগুলো বিমান এখন ধ্বংস হয়ে গেছে। তাদের রাডার ধ্বংস হয়ে গেছে, তাদের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে, তাদের অস্ত্র তৈরির সক্ষমতা প্রায় ৮৪ শতাংশ ধ্বংস হয়ে গেছে এবং আপনারা জানেন যে এটি এখন প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্ত।'
তিনি বলেন, 'ফলে চার মাস আগের ইরানের সঙ্গে বর্তমানের ইরানের অনেক বড় পার্থক্য রয়েছে। মাত্র চার মাসের মধ্যে আমরা তাদের অনেকাংশেই প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে গেছি।'
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের কাছে এখনও কিছু ক্ষেপণাস্ত্র থাকলেও বর্তমানে তাদের 'খুব সামান্য সক্ষমতা' রয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরানের দাপট খর্ব করা নিয়ে ট্রাম্প বলেন, 'ইরান ছিল মধ্যপ্রাচ্যের ত্রাস, কিন্তু তারা আমার ওপর তাদের দাপট দেখাতে পারছিল না।'
