কৌশলগত তেলের মজুতে ব্যাপক পতন যুক্তরাষ্ট্রের, ১৯৮৩ সালের পর সর্বনিম্ন
যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটির কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে (এসপিআর) অপরিশোধিত তেলের মজুত আরও ৫৫ লাখ ব্যারেল কমেছে। এর ফলে রিজার্ভে মোট তেলের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ কোটি ৫৭ লাখ ব্যারেলে, যা ১৯৮৩ সালের মে মাসের পর থেকে সর্বনিম্ন স্তর।
ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেলের সরবরাহ ঘাটতি মেটাতে ও জ্বালানির দাম নাগালের মধ্যে রাখতে নিজেদের এই বিশেষ মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার যে সিদ্ধান্ত নিয়েছিল ওয়াশিংটন, এই হ্রাস মূলত সেই প্রক্রিয়ারই ফল।
বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক বাজারে মার্কিন তেলের শক্তিশালী রপ্তানি চাহিদা এবং দেশটির রিফাইনারিগুলোতে পরিশোধন কার্যক্রম ব্যাপক হারে বাড়ায়— যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের নিজস্ব মজুত দ্রুত গতিতে কমছে।
গত ফেব্রুয়ারির শেষভাগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ১৯ জুন পর্যন্ত, বাণিজ্যিক এবং কৌশলগত রিজার্ভ মিলিয়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক তেলের মজুত ১১ কোটি ১৪ লাখ ব্যারেল হ্রাস পেয়েছে। বর্তমানে দেশটির সর্বমোট তেলের মজুত দাঁড়িয়েছে ৭৪ কোটি ৩৩ লাখ ব্যারেলে। এই হিসাবে কৌশলগত রিজার্ভের তেলও অন্তর্ভুক্ত।
