যুদ্ধে ব্যবহারের জন্য আরও উন্নত ও নতুন অস্ত্র প্রস্তুত আছে: ইরান
রুশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, তেহরানের কাছে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা এখন পর্যন্ত মোতায়েন বা ব্যবহার করা হয়নি।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপরীতে ইরানের প্রস্তুতি সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরআইএ নভোস্তি নিউজ এজেন্সিকে বলেন, 'আমরা নিজস্ব প্রযুক্তিতে আধুনিক অস্ত্র তৈরি করেছি যা এখন পর্যন্ত রণক্ষেত্রে ব্যবহার করা হয়নি এবং বাস্তবে পরীক্ষাও করা হয়নি।'
তিনি আরও জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরণের সংঘাতের জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, 'প্রতিরক্ষা সরঞ্জাম এবং সক্ষমতার দিক থেকে আমাদের কোনো ঘাটতি নেই, যা আমাদের দেশ রক্ষায় বাধা হয়ে দাঁড়াতে পারে।'
সবশেষে ওই সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'এবার আমরা কোনো ধরণের সংযম প্রদর্শনের কথা ভাবছি না।'
উল্লেখ্য, ইরানের সঙ্গে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে দেশটিতে পুনরায় বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (২০ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'আমরা ইরানের সাথে চুক্তির শেষ পর্যায়ে আছি। এখন দেখা যাক কী হয়! হয় কোনো একটি চুক্তি হবে, নতুবা আমরা এমন কিছু [ভয়াবহ] পদক্ষেপ নেব যা হবে বেশ অপ্রীতিকর। তবে আমি আশা করছি তেমন কিছু ঘটবে না।'
এদিকে তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে। ইরান হুমকি দিয়ে বলেছে, তাদের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে তারা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়েও প্রতিশোধমূলক হামলা চালাবে।
