তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে ইরান: ইসমাইল বাঘাই
ইরানের সংবাদ মাধ্যম 'নূর নিউজ এজেন্সি' জানিয়েছে, সম্ভাব্য যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবিত নথির ভাষা নিয়ে ওয়াশিংটন ও তেহরান পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান-প্রদান করছে।
নূরের প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, 'ইরানের ১৪ দফার মূল দাবির ভিত্তিতে কয়েক দফায় বার্তা বিনিময় করা হয়েছে।'
বাঘাই বলেন, 'আমরা মার্কিন পক্ষের মতামত পেয়েছি এবং সেগুলো পর্যালোচনা করছি।'
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির ইরান সফরের সময় বাঘাই এসব মন্তব্য করেন।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় ইসলামাবাদ মধ্যস্থতাকারী হিসেবে সহায়তা করছে।
যুক্তরাষ্ট্রের কাছে ইরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার দাবি জানানো হয়েছে।
পাশাপাশি, ইরানের নিকটবর্তী এলাকাগুলো থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের দাবিও রাখা হয়েছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়।
