হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন সরাতে ৬ মাস লাগবে: পেন্টাগন
হরমুজ প্রণালীতে পেতে রাখা সমুদ্র মাইনগুলো পরিষ্কার করতে অন্তত ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সংশ্লিষ্ট পরিস্থিতির বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি সভার 'হাউস আর্মড সার্ভিসেস কমিটি'র একটি উচ্চপর্যায়ের গোপন (ক্লাসিফাইড) বৈঠকে পেন্টাগন কর্মকর্তারা হরমুজজ প্রণালীর বর্তমান পরিস্থিতি নিয়ে এই তথ্য উপস্থাপন করেন।
এপি জানায়, এই বিশেষ অধিবেশনটি মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে 'উত্তরের চেয়ে প্রশ্নই বেশি' তৈরি করেছে। বৈঠকে আইনপ্রণেতারা ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয়, যুদ্ধের সুনির্দিষ্ট রণকৌশল এবং এর উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলেও পেন্টাগন কর্মকর্তারা সেগুলোর কোনো সদুত্তর দিতে পারেননি।
এছাড়া যুদ্ধের শুরুর দিকে ইরানের একটি স্কুলে চালানো ভয়াবহ হামলার বিষয়েও বৈঠকে প্রশ্ন তোলেন আইনপ্রণেতারা। ওই হামলায় অন্তত ১৬৫ জন প্রাণ হারিয়েছিলেন, যাদের মধ্যে বড় একটি অংশই ছিল স্কুলপড়ুয়া কিশোরী। এই হামলার প্রেক্ষাপট এবং দায়বদ্ধতা নিয়েও পেন্টাগনের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
