যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো হরমুজ প্রণালি পেরিয়েছে মার্কিন জাহাজ: অ্যাক্সিওস
মার্কিন নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ আজ শনিবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবার কোনো মার্কিন জাহাজ এই প্রণালি অতিক্রম করল।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ জানিয়েছেন, এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, এই পদক্ষেপ ইরানের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়নি।
জাহাজগুলো এমন সময়ে হরমুজ প্রণালি অতিক্রম করল যখন পাকিস্তানে ইরান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি বৈঠক শুরু হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তান মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি হয়েছিল।
সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার নতুন করে চাপের মুখে পড়ে।
তেহরানের স্বাস্থ্যবিভাগের তথ্যমতে, এই যুদ্ধে প্রায় ৩ হাজার ইরানি নিহত হয়েছে। অন্যদিকে অন্তত ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন।
