ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
ইরানে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের ক্রুদের উদ্ধারে চালানো এক বিশেষ অভিযানের সময় যান্ত্রিক ত্রুটির শিকার হওয়া নিজেদেরই দুটি পরিবহন বিমান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র।
মূলত বিমানগুলো যেন ইরানিদের হাতে না পড়ে বা তারা জব্দ করতে না পারে, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এর দুই ক্রু সদস্যকে উদ্ধারে উচ্চ ঝুঁকিপূর্ণ ও বহুমুখী এক অভিযান চালায় মার্কিন বাহিনী। সেই উদ্ধার অভিযান চলাকালীনই দুটি পরিবহন বিমান যান্ত্রিক গোলযোগের কবলে পড়ে বিকল হয়ে যায়। পরবর্তীতে সেগুলোকে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এক বার্তায় তিনি বলেন, 'আমরা তাকে পেয়েছি! ... তিনি নিরাপদ ও সুস্থ আছেন!'
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, উদ্ধারকৃত ওই কর্মকর্তা একজন কর্নেল পদমর্যাদার সেনা। অভিযানে তিনি কিছুটা আহত হলেও এখন তিনি আশঙ্কামুক্ত। এই বিশাল উদ্ধার অভিযানে 'কয়েক ডজন' বিমান অংশ নিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
