ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ২৯ জনের সবাই নিহত হয়েছেন। বুধবার রাশিয়ার সংবাদ সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, 'ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিমানে থাকা ৬ জন ক্রু সদস্য এবং ২৩ জন যাত্রী নিহত হয়েছেন।'
রাশিয়ার তদন্ত কমিটিও বিমান বিধ্বস্তের খবরটি নিশ্চিত করেছে, তবে তারা নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি। কমিটি এক বিবৃতিতে বলেছে, '২০২৬ সালের ৩১ মার্চ বাখচিসারায় জেলার কুইবিশেভো গ্রামের কাছে উড্ডয়নরত অবস্থায় একটি এন-২৬ বিমান বিধ্বস্ত হয়। বিমানে ৭ জন ক্রু সদস্য এবং ২৩ জন যাত্রী ছিলেন।' বিমান চলাচলের নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে কমিটি।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আন্তোনভ এন-২৬ সামরিক পরিবহন বিমানটি ক্রিমীয় উপদ্বীপের ওপর দিয়ে একটি নির্ধারিত ফ্লাইটে ছিল। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিমানটির সঙ্গে সামরিক বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, কোনো 'বাইরের হস্তক্ষেপ' বা আক্রমণের কারণে নয়, বরং কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রগুলো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এবং রিয়া নভোস্তিকে জানিয়েছে, সামরিক পরিবহন বিমানটি একটি পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে।
২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়ার বেশ কিছু সামরিক বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছরের ডিসেম্বরে ইভানোভো অঞ্চলে একটি এন-২২ বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন ক্রু সদস্য নিহত হন। এর দুই মাস আগে অক্টোবরে লিপেটস্ক অঞ্চলে অবতরণের সময় একটি মিগ-৩১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
এছাড়া, ২০২৪ সালের ডিসেম্বরে মস্কোর উত্তর-পূর্বে একটি আইলিউশিন ইল-৭৬সামরিক কার্গো বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়, যাতে বিমানে থাকা ১৫ জনের সবাই প্রাণ হারান। এর আগে ২০২২ সালের অক্টোবরে একটি সু-৩৪ বোমারু বিমান রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়াস্কের একটি আবাসিক এলাকায় আছড়ে পড়েছিল।
