হরমুজ প্রণালিতে টোল আদায়ে ইরানের যেকোনো পদক্ষেপ 'বন্ধ' করে দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের কোনো উদ্যোগ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র চাইলে সেটি খুব দ্রুত সেটি বন্ধ করে দিতে পারবে।
হরমুজ প্রণালি দিয়ে চলাচলে ইরানের সম্ভাব্য টোল আরোপ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, 'এটা সত্য কি না, আমাকে আগে জানতে হবে।' তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এমন কোনো কার্যক্রম বন্ধ করে দিতে সক্ষম।
তিনি বলেন, 'আমরা দুই মিনিটের মধ্যেই এটা বন্ধ করে দিতে পারি। এত দ্রুত বন্ধ করতে পারব যে, আপনি হতবাক হয়ে যাবেন।'
ট্রাম্প আরও দাবি করেন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন—এই উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে।
তিনি বলেন, 'তারা হামলার শিকার হয়ে বিস্মিত হয়েছিল। আমি নিজেও অবাক হয়েছিলাম যে তারা হামলার শিকার হয়েছে। কিন্তু হামলার পর তারা খুব ভালোভাবে লড়াই শুরু করেছে। আমাদের সঙ্গে তাদের খুব শক্ত যোগাযোগ রয়েছে, এবং এ ধরনের সব দেশই বলছে—তারা লড়াই করছে।'
তিনি আরও বলেন, এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং তারা সবাই ইরানের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় রয়েছে বলে দাবি করেন।
