যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে ও অবরোধ তুলে নিলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরান
যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে পারে ইরান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রয়টার্সকে এ কথা জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
এর আগে, গত রবিবার ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড জানায়, আঞ্চলিক দেশগুলোর সমর্থনে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য তাদের জানানো হয়েছে।
কমান্ড সতর্ক করে বলেছে, এমন পদক্ষেপ নেওয়া হলে তেহরান 'সীমাহীনভাবে ও কোনো ছাড় না দিয়ে' পাল্টা জবাব দেবে।
ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'যুক্তরাষ্ট্রকে ঘোষণা করতে হবে যে তারা কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান করতে চায়, বিষয়টি আনুষ্ঠানিক করতে হবে এবং এরপর প্রক্রিয়াটি কীভাবে এগোবে, তার সময়সীমা নিয়ে একমত হতে হবে।'
তিনি আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইরানের প্রতিনিধিদল নিউইয়র্কে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি পুনরায় চালু করার পূর্ণ ক্ষমতা তাদের রয়েছে।
এদিকে, আজ মঙ্গলবার সকালে তেহরান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তবে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো বৈঠক করবেন না বলে রয়টার্সকে জানান ওই কর্মকর্তা।
ইরানি কর্মকর্তা বলেন, ওয়াশিংটনের সঙ্গে বৈরিতা বন্ধে একটি চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করা যেতে পারে।
তিনি জানান, ১৬ সেপ্টেম্বর মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, 'কূটনৈতিক সমাধানে ফিরে আসতে যুক্তরাষ্ট্রের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন একটি সুবর্ণ সুযোগ।'
তিনি আরও বলেন, ওয়াশিংটন দৃশ্যমান পদক্ষেপ নিলে তেহরান ফের কূটনৈতিক আলোচনাকে স্বাগত জানাবে।
