হরমুজ নিয়ে সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে বসবে ইরান
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠক করবে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে প্রণালিটি অবরোধ করে রেখেছে দেশটি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'এই বৈঠকের লক্ষ্য হলো আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং অভিন্ন আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহায়তা করা।'
বৈঠকে ইরাকসহ পারস্য উপসাগর তীরবর্তী অন্যান্য আরব দেশ অংশ নেবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর থেকে দেশটি যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
এর জেরে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে পাল্টা হামলা চালাচ্ছে এবং হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছে ইরান। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হতো।
ছয় মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। এর মধ্যে হরমুজ প্রণালির অবরোধও বহাল রয়েছে। এই অবরোধের কারণে তেলের দাম বেড়েছে এবং চলতি সপ্তাহে তা ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
হরমুজ প্রণালির দুই পাশের দেশ ইরান ও ওমান গত কয়েক সপ্তাহ ধরে গুরুত্বপূর্ণ এই নৌপথ ভবিষ্যতে কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে আলোচনা করছে।
যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে অবাধে জাহাজ চলাচল করতে পারত। তবে এখন জাহাজ চলাচলের জন্য আগাম অনুমতি নেওয়ার ব্যবস্থা করতে চায় ইরান। অর্থাৎ এখন এই নৌপথ ব্যবহার করতে হলে ইরানের অনুপতি নিতে হবে। পাশাপাশি জাহাজ থেকে সেবামাশুল নেওয়ার ব্যবস্থা চালুর কথাও ভাবছে দেশটি।
ইরানের নিয়ম না মানা জাহাজগুলো হামলার মুখে পড়ছে। অন্যদিকে, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানাতে যুক্তরাষ্ট্রও প্রায়শই ইরানের উপকূলে হামলা চালিয়ে যাচ্ছে।
