‘ইরানের অনুমতি নিয়ে’ হরমুজ প্রণালি পার হলো তুরস্কের জাহাজ
তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ ইরানের অনুমতি সাপেক্ষে নিরাপদে হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয়েছে। তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালোগলু সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
পারস্য উপসাগরের সাথে ভারত মহাসাগরকে যুক্ত করা কৌশলগত এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল পরিবহন করা হয়।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিশোধ হিসেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই প্রণালি দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজে হামলার হুমকি দিয়ে রেখেছে। তাদের এই সতর্কবার্তার ফলে বিশ্বজুড়ে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পানিপথটি বর্তমানে কার্যত বন্ধ হয়ে আছে।
এরই মধ্যে তুরস্কের জাহাজটি পার হওয়ার খবর এলো। পরিবহনমন্ত্রী উরলোগলু বলেন, 'হরমুজ প্রণালিতে তুরস্কের মালিকানাধীন ১৫টি জাহাজ আটকা পড়ে ছিল। এর মধ্যে একটি জাহাজ এর আগে ইরানের একটি বন্দর ব্যবহার করেছিল। আমরা ওই নির্দিষ্ট জাহাজটির জন্যই ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি জোগাড় করতে পেরেছি এবং সেটি সফলভাবে প্রণালিটি পার হয়েছে।'
