বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
প্রকাশ্যে এক বৃদ্ধ পথচারীকে মারধর ও হয়রানি করার অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত মামলার অভিযোগটি তদন্ত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ৯ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এই আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম (সুমন) বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১০ মার্চ আনুমানিক বিকেল ৪টায় গুলশান-২ এলাকার রয়্যাল ব্লু প্লাজার বিপরীত চার রাস্তার মোড়ে এক বৃদ্ধ ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সে সময় আসামি মনিকা কবির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করছিলেন। এক পর্যায়ে ওই বৃদ্ধের ব্যাগ মনিকার গায়ে লাগলে তিনি বিনা উসকানিতে তার ওপর চড়াও হন। তিনি বৃদ্ধের ব্যাগ ছুড়ে মারেন এবং তাকে শারীরিকভাবে আঘাত করে মারধর করেন। এর ফলে ওই ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে অপমানিত ও আঘাতপ্রাপ্ত হন।
অভিযোগে আরও বলা হয়, আসামি ইচ্ছাকৃতভাবে ওই ঘটনার ভিডিও ধারণ করেন এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এর মাধ্যমে তিনি ওই পথচারীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
