ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
ইসরায়েলের উত্তরাঞ্চলের নাজারেথের কাছে অবস্থিত জারজির গ্রামে একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৩৩ জন আহত হয়েছেন।
ক্ষেপণাস্ত্রটি সরাসরি গ্রামটিতে আঘাত হানায় বেশ কয়েকটি ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া বিস্ফোরণের ফলে বেশ কিছু যানবাহনে আগুন ধরে যায়।
তবে, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ মানুষই উড়ন্ত কাঁচের টুকরো বা ছোটখাটো জখমের কারণে সামান্য আহত হয়েছেন।
ম্যাজেন ডেভিড অ্যাডম (এমডিএ) অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, নাজারেথের কাছে জারজির গ্রামে হামলার পর প্যারামেডিকরা ৫৮ জনকে চিকিৎসা দিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্প্লিন্টারের আঘাতে আহত এক নারীর অবস্থা স্থিতিশীল (মাঝারি)। অন্যদিকে, এমডিএ জানিয়েছে যে বাকি ৫৭ জন উড়ন্ত কাঁচের টুকরোর আঘাতে অত্যন্ত সামান্য আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে হোম ফ্রন্ট কমান্ডের সদস্যদের পাঠানো হয়েছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, 'জরুরি সেবা ও উদ্ধারকারী কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বাহিনী বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি মূল্যায়ন করছে যাতে এলাকাটি দ্রুত পরিষ্কার করা যায়।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ঘটনার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।'
