তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলার দায় অস্বীকার ইরানের, তদন্তের আশ্বাস আরাগচির
তুরস্কের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে উৎক্ষেপণ করা হয়নি বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ মঙ্গলবার (১০ মার্চ) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ আশ্বাস দিয়েছেন। আল জাজিরার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, কথোপকথনের সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্টভাবে জানিয়েছেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা মোকাবিলায় তুরস্ক প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে গত ৯ মার্চ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এই ঘটনার একদিন পরেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই ফোনালাপ হলো।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো তুরস্কের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটল। এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে ওই অঞ্চলে উত্তেজনা আরও দানা বেঁধেছে।
টেলিফোন আলাপে আরাগচি তুরস্ককে আশ্বস্ত করে বলেছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে নিক্ষেপ করা হয়নি এবং বিষয়টি নিয়ে তেহরান একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করবে।
