ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির একটি 'চূড়ান্ত ও পারস্পরিকভাবে সম্মত' খসড়া প্রস্তুত হয়েছে।
নতুন চুক্তির সম্ভাব্য বিষয়বস্তু নিয়ে বিভিন্ন প্রতিবেদনে জল্পনা-কল্পনা না করার আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ এ তথ্য জানালেন।
এক্সে তিনি লিখেছেনম, 'পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করতে পাকিস্তান এখন উভয়পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। শান্তি অর্জনের সম্ভাবনা এর আগে কখনো এতটা কাছাকাছি আসেনি।'
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, একটি সমঝোতা চুক্তি 'আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি'। একই সঙ্গে তিনি গণমাধ্যমকে এর বিষয়বস্তু নিয়ে অনুমানভিত্তিক আলোচনা থেকে বিরত থাকার আহ্বান জানান। এর পরপরই শেহবাজ শরিফ এই পোস্ট করলেন।
ইরানের পক্ষ থেকে এটিই ছিল সবচেয়ে স্পষ্ট ইঙ্গিতগুলোর একটি, যা থেকে ধারণা করা হচ্ছে যে একটি চুক্তি শিগগিরই হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আরাগচির ওই বক্তব্য নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পুনরায় শেয়ার করেছেন।
