Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আলটিমেটাম ট্রাম্পের; দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আইআরজিসি

আন্তর্জাতিক

আলজাজিরা, বিবিসি, সিএনএন, রয়টার্স
06 March, 2026, 10:05 am
Last modified: 07 March, 2026, 08:55 am

Related News

  • চীনের তেলের লাইফলাইনকে চাপে ফেলেছে ইরান যুদ্ধ
  • ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • তেলের দাম ‘সবার ধারণার চেয়েও' বেশি কমবে: দাবি ট্রাম্পের
  • ইরাকের বসরা বন্দরের কাছে মার্কিন ট্যাঙ্কারে হামলা, ভারতীয় ক্রু নিহত
  • ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আলটিমেটাম ট্রাম্পের; দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আইআরজিসি

আলজাজিরা, বিবিসি, সিএনএন, রয়টার্স
06 March, 2026, 10:05 am
Last modified: 07 March, 2026, 08:55 am
৫ মার্চ ইরানের তেহরানে একটি বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: রয়টার্স

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার আজ (৬ মার্চ) সপ্তম দিন। হামলার প্রথম দিন শনিবারেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত নয়জন। আর ইরানে নিহত সহস্র ছাড়িয়েছে।

যুদ্ধের পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় তেহরানের হামলা অব্যাহত থাকায় সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, বাহরাইনসহ পশ্চিম ও মার্কিন মিত্র দেশগুলোতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান।


 

লেবানন সীমান্তের কাছে হামলায় ৮ ইসরায়েলি সেনা আহত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি গিভাতি ব্রিগেডের পাঁচ সেনা গুরুতর আহত হয়েছেন।

একই ব্রিগেডের তিন সেনাও সামান্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২১৭ 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে  ইসরায়েলি হামলায় মোট ২১৭ জন নিহত এবং ৭৯৮ জন আহত হয়েছে।


ইরানের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে তেহরানে ইসরায়েলের হামলার দাবি

ইরানের রাজধানী তেহরানে দেশটির একজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরানে পরিচালিত এক অভিযানে তারা ইরানের উচ্চপদস্থ ওই কমান্ডারকে 'আঘাত' করতে সক্ষম হয়েছে। তবে ওই কমান্ডারের নাম বা পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


যুদ্ধ দীর্ঘায়িত হলে ইউরোপের নিরাপত্তা ও জ্বালানি সংকটের আশঙ্কা: জার্মান চ্যান্সেলরের হুঁশিয়ারি

চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়া ইউরোপের স্বার্থের পরিপন্থী বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার পাশাপাশি ইউরোপের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।

চ্যান্সেলর মের্ৎস বলেন, একটি দীর্ঘমেয়াদী সংঘাত ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে তার মিত্র দেশগুলোর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তিনি আরও উল্লেখ করেন যে, যুদ্ধ অব্যাহত রাখা কারও স্বার্থেই আসবে না, বরং এটি ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকেও বিপন্ন করে তুলতে পারে।

জার্মান চ্যান্সেলরের মতে, ইরানে কোনো ধরনের চরম অস্থিরতা তৈরি হলে তা সরাসরি ইউরোপের জ্বালানি নিরাপত্তার ওপর আঘাত হানবে। এছাড়া, যুদ্ধের প্রভাবে অনিয়ন্ত্রিত অভিবাসনের যে ঢেউ তৈরি হতে পারে, তা ইউরোপের দেশগুলোর জন্য সামাল দেওয়া কঠিন হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।


নিরাপত্তাজনিত কারণে ২০২৬ শীতকালীন প্যারাঅলিম্পিক থেকে নাম প্রত্যাহার করল ইরান

ইতালিতে অনুষ্ঠেয় ২০২৬ সালের 'মিলানো কর্টিনা' শীতকালীন প্যারাঅলিম্পিক গেমসে অংশ নিচ্ছে না ইরান। আন্তর্জাতিক প্যারাঅলিম্পিক কমিটি (আইপিসি) শুক্রবার (৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।

আইপিসি প্রেসিডেন্ট অ্যান্ড্রু পারসনস এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের ন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটির পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে গেমসে অংশগ্রহণের জন্য অ্যাথলেটদের 'যাতায়াতের নিরাপত্তা' নিশ্চিত করা সম্ভব নয়। এর ফলে তারা এবারের আসরে যোগ দিতে পারছে না।

পারসনস বলেন, 'ইরানের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে, মিলানো কর্টিনাতে পৌঁছানোর নিরাপদ পথ না থাকায় তারা এই প্রতিযোগিতায় আসতে সক্ষম হবে না।'


হরমুজ প্রণালীতে ড্রোন হামলায় জাহাজে আগুন

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানানো হয়েছে, ড্রোনটি আঘাত হানার পর জাহাজটিতে আগুন ধরে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় ওই জাহাজটি লক্ষ্য করে ড্রোন ছোঁড়া হয়। হামলার পর জাহাজটি এখন জ্বলছে। তবে জাহাজটি কোন দেশের মালিকানাধীন কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।


ইরানের কাছ থেকে 'নিঃশর্ত আত্মসমর্পণ' চান ট্রাম্পের

ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'নিঃশর্ত আত্মসমর্পণ' ছাড়া দেশটির সঙ্গে কোনো প্রকার চুক্তি হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি ঘোষণা দেন, 'নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে আর কোনো আলোচনা বা চুক্তি হবে না!'


তেহরান ও ইসফাহানে ইসরায়েলের নতুন দফায় ব্যাপক বিমান হামলা

ইরানের রাজধানী তেহরান এবং কেন্দ্রীয় শহর ইসফাহানে নতুন করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযানের কথা নিশ্চিত করেছে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা 'ইরানি শাসকগোষ্ঠীর অবকাঠামো' লক্ষ্য করে এই 'ব্যাপক ও বিস্তৃত হামলা' পরিচালনা করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এই অভিযানকে তাদের '১৫তম বিমান হামলা' হিসেবে অভিহিত করা হয়েছে।

তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও বিস্তারিত জানা যায়নি।


বৈরুতে ইরানি দূতাবাসের কাছে ইসরায়েলি হামলা

লেবাননের রাজধানী বৈরুতে ইরানের দূতাবাসের কাছে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। 


ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রসহ ইরানের ১০৯ ড্রোন ধ্বংস করেছে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ ইরানের ছোড়া ৯টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০৯টি ড্রোন আকাশেই ধ্বংস বা প্রতিহত করেছে তারা। তবে তিনটি ড্রোন আমিরাতের ভূখণ্ডের অভ্যন্তরে আঘাত হেনেছে।

মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত আমিরাত সর্বমোট ১৯০টি ইরানি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ১১০টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়াও ইরানের ছোড়া আরও আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে তারা।


লেবানন সীমান্তে ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলেসহ বেশ কয়েকজন সেনা আহত

লেবানন সীমান্তে সামরিক অভিযান চলাকালে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ছেলেসহ বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক তৎপরতার সময় তারা আহত হন।


উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের তিন শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের 'ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস' (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের তৈরি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হেনেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এই বিশেষ অভিযানে ব্যবহৃত 'নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র' পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সফলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে।

একই সঙ্গে ইসরায়েলের ভেতরেও ব্যাপক হামলার দাবি করেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ছাড়াও হাইফা ও তেল আবিব শহরের বিভিন্ন কৌশলগত স্থানকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে।


যারা সংঘাতের সূচনা করেছে মধ্যস্থতা তাদের সঙ্গেই হওয়া উচিত: ইরানের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে যেকোনো মধ্যস্থতা প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে পরিচালিত করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যারা এই সংঘাতের সূচনা করেছে, জবাবদিহিতা তাদেরই হওয়া উচিত।

ছবি: রয়টার্স

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, "বিষয়টি পরিষ্কার করা দরকার: আমরা এই অঞ্চলে একটি টেকসই শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমাদের জাতির মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমাদের বিন্দুমাত্র দ্বিধা নেই।"


কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, আরও আক্রমণের হুঁশিয়ারি

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় এ ধরনের আরও আক্রমণ চালানো হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, 'গত কয়েক ঘণ্টায় সেনাবাহিনীর স্থল শাখার বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক বিধ্বংসী ড্রোন কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অভিযান এখনই শেষ হচ্ছে না। আগামী কয়েক ঘণ্টায় হামলার তীব্রতা আরও বাড়বে এবং আক্রমণ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।


 

শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি চেয়েছে তিনটি ইরানি জাহাজ

তিনটি ইরানি জাহাজ ৯ ও ১৩ই মার্চ শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বলে জানিয়েছের শ্রীলঙ্কান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।

তিনি জানান, ইরানি সরকার ২৬শে ফেব্রুয়ারি সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এই সফরের জন্য শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, জাহাজগুলো ইতোমধ্যে শ্রীলঙ্কার জলসীমার কাছে অবস্থান করছিল এবং মানবিক অনুরোধে জাহাজের দু'জন কর্মকর্তাকে দেশে আনা হয়েছে।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিশেষ সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট দিসানায়েকে বলেন, চলমান বা ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক সংঘাতে শ্রীলঙ্কার ভূখণ্ড, সমুদ্রসীমা কিংবা আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।


ইরানি স্কুলে হামলার দ্রুত তদন্ত ও জবাবদিহিতার আহ্বান জাতিসংঘের

ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ হামলায় ১৭৫ জন নিহতের ঘটনায় দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সোমবার (জেনেভায়) এই দাবি জানান।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভলকার তুর্ক বলেন, 'আমরা এই ঘটনার একটি দ্রুত, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছি। আমরা বুঝতে পারছি যে, যুক্তরাষ্ট্র এ বিষয়ে একটি তদন্তের ঘোষণা দিয়েছে।'


ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা সম্ভবত নির্বাচিত, তবে ঘোষণা করা হয়নি

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলা নানা জল্পনা ও গুজব নাকচ করে দিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরেহ খারাজমি।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরবর্তী সর্বোচ্চ নেতা ইতোমধ্যেই নির্বাচিত হয়ে থাকতে পারেন, তবে নিরাপত্তার স্বার্থে তা এখনই প্রকাশ করা হচ্ছে না।

মোজতবা হোসাইনি খামেনি। ছবি: সংগৃহীত

অধ্যাপক খারাজমি ইরানের 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস'-এর আটজন সদস্যের পক্ষ থেকে নেতা নির্বাচনের প্রক্রিয়া বয়কট করার খবরটিকে 'গুজব' বলে উড়িয়ে দেন। তিনি বলেন, 'পরবর্তী নেতার জীবন রক্ষা করা এবং নিরাপত্তার খাতিরে তার নাম এখনই ঘোষণা না করা একটি অত্যন্ত যৌক্তিক নিরাপত্তা প্রোটোকল।'


ইরান যুদ্ধের আকাশচুম্বী ব্যয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র: প্রতিদিন খরচ হচ্ছে ১ বিলিয়ন ডলার

ইরানের সঙ্গে চলমান বিমান যুদ্ধের উচ্চ ব্যয় মার্কিন কংগ্রেস এবং সাধারণ জনগণের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। বর্তমান হিসাব অনুযায়ী, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের ব্যয় আনুমানিক ১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

পেন্টাগন সূত্রে জানা গেছে, যুদ্ধের প্রথম সাত দিনেই বিপুল পরিমাণ টমাহক, থাড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত ও নতুন অস্ত্র মজুতের জন্য পেন্টাগন ইতোমধ্যে ৫০ বিলিয়ন ডলারের একটি 'সাপ্লিমেন্টাল' বাজেটের অনুরোধ জানিয়েছে।

মার্কিন কংগ্রেস আগে থেকেই দেশটির ক্রমবর্ধমান বাজেট ঘাটতি এবং ফেডারেল ঋণের সুদ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে এই ৫০ বিলিয়ন ডলারের চাহিদাপত্র অনেক আইনপ্রণেতার মধ্যে অস্বস্তি সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামরিক সরঞ্জামের অতি-ব্যবহার বা 'বার্ন রেট' আশঙ্কাজনকভাবে বেশি হওয়ায় এই ব্যয়ের লাগাম টানা কঠিন হয়ে পড়ছে।


ইসরায়েলের প্রধান ও বৃহত্তম বিমানবন্দর বেন গুরিয়নে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। তবে এই হামলার খবর বা ক্ষয়ক্ষতির বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি


কাতারে নতুন করে ইরানি হামলা, লক্ষ্য ছিল আল-উদেইদ বিমানঘাঁটি

কাতারের রাজধানী দোহায় স্থানীয় সময় আজ ভোর ৪টার দিকে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরান থেকে আসা ড্রোনগুলো প্রতিহত করার সময় এই বিস্ফোরণের শব্দ তৈরি হয়।

এদিকে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এবারের হামলার লক্ষ্যবস্তু ছিল আল-উদেইদ বিমানঘাঁটি।

ছবি: রয়টার্স

এর আগে অভিযানের পঞ্চম দিনেও এই ঘাঁটিকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার মধ্যে একটি সরাসরি আঘাত হানে এবং অন্যটি মাঝপথে ধ্বংস করা হয়। 

বর্তমান হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কাতারের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাগুলোতে এখন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখা হচ্ছে।


'দীর্ঘস্থায়ী' যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, উন্নত ও নতুন প্রযুক্তির অস্ত্র ব্যবহার করবে: আইআরজিসি মুখপাত্র

ইরান একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং খুব শীঘ্রই তারা রণক্ষেত্রে এমন সব উন্নত ও নতুন প্রযুক্তির অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আইআরজিসি-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি এক বিবৃতিতে বলেছেন, ইরানের শত্রুরা যেন সামনের দিনগুলোতে 'যন্ত্রণাদায়ক আঘাতের' জন্য প্রস্তুত থাকে। তিনি জানান, ইরানের নতুন সব সামরিক উদ্যোগ ও আধুনিক অস্ত্র আসার পথে রয়েছে। এই প্রযুক্তিগুলো এখনও বড় পরিসরে মোতায়েন করা হয়নি।

ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স

নায়েইনি আরও বলেন, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে হওয়া ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরান এখন সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী। চলমান এই যুদ্ধকে তিনি 'পবিত্র ও বৈধ যুদ্ধ' হিসেবে বর্ণনা করেন।

ইরানের পক্ষ থেকে এই ঘোষণাটি এমন এক সময়ে এল যখন তারা ইসরায়েলের তেল আবিব শহর লক্ষ্য করে প্রথমবার তাদের শক্তিশালী 'খাইবার' ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।


যুদ্ধের প্রথম দিনের তুলনায় ইরানি মিসাইল হামলা কমেছে ৯০ শতাংশ: সেন্টকম

যুদ্ধের প্রথম দিনের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রায় ৯০ শতাংশ কমেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম-এর কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। 

তিনি বলেন, ইরানের ড্রোন হামলার ঘটনাও কমেছে অন্তত ৮৩ শতাংশ। গত সপ্তাহান্তেই কুয়েতে ইরানি ড্রোন হামলায় আমেরিকার ছয় সেনার মৃত্যু হয়েছিল।

তেহরানের উদ্দেশে ছোড়া ইরানি মিসাইল। ছবি: রয়টার্স

কুপার বলেন, বৃহস্পতিবারও আমেরিকার বি-২ বোমারু বিমান থেকে কয়েক ডজন ২ হাজার পাউন্ডের পেনিট্রেটর বোমা ফেলা হয়েছে। মাটির গভীরে লুকিয়ে রাখা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। 


ইরানের ৫৮ শতাংশ মিসাইল লঞ্চার ধ্বংস: ট্রাম্প

বৃহস্পতিবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের প্রায় ৫৮ শতাংশ মিসাইল লঞ্চার ধ্বংস করে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ইরান এতটাই বিধ্বস্ত যে 'ফের সামরিক শক্তি সঞ্চয় করতে তাদের অন্তত ১০ বছর সময় লাগবে'।

ছবি: সংগৃহীত

ইরানের ৩০টিরও বেশি রণতরি ধ্বংস: সেন্টকম

যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের ৩০টিরও বেশি রণতরি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সেন্টকম। 

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল কুপার বলেন, 'আপনারা হয়তো শুনেছেন, প্রেসিডেন্ট কিছুক্ষণ আগে ২৪টি রণতরি ডুবিয়ে দেওয়া বা ধ্বংস করার কথা বলেছিলেন। সেই সময় পর্যন্ত তথ্যটি সঠিক ছিল। কিন্তু বর্তমানে ইরানের ধ্বংস হওয়া রণতরির সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে।' 

২০১৬ সালের ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস দিনা। ছবি: এপি

অস্ত্র সমর্পণ করলে 'দায়মুক্তি', নয়তো 'নিশ্চিত মৃত্যু': ইরানি বাহিনীকে ট্রাম্পের আলটিমেটাম

ইরানের অভ্যন্তরে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের অস্ত্র নামিয়ে রাখার' আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বাহিনীগুলোকে দেশটির বর্তমান 'শাসকগোষ্ঠীর' হাত থেকে 'নিজেদের দেশ পুনরুদ্ধার' করার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প এই আহ্বান জানান। তিনি ইরানি বাহিনীর সদস্যদের জন্য 'পূর্ণ দায়মুক্তি'র প্রস্তাব দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে, তাদের 'শতভাগ নিশ্চিত মৃত্যু'র মুখোমুখি হতে হবে।

ছবি: ইপিএ

ট্রাম্প বলেন, 'আমি আবারও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশের সকল সদস্যকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানাচ্ছি। এভাবে চলতে থাকলে তোমরা কেবল প্রাণই হারাবে। এখন সময় এসেছে ইরানি জনগণের পক্ষে দাঁড়ানোর এবং নিজেদের দেশকে পুনরুদ্ধারে সাহায্য করার।'


ইরানে অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি ইসরায়েলের

ইরানে আক্রমণ আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত রাতে তাদের হামলা তেহরানের তথাকথিত 'শাসকগোষ্ঠীর অবকাঠামো' লক্ষ্য করে চালানো হয়েছে।

তারা আরও জানিয়েছে যে, বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোতেও গোষ্ঠীটির বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

ইরানে মার্কিন বাহিনীর সাথে তাদের 'সমন্বিত পদক্ষেপ' এবং 'সত্যিকারের ঐতিহাসিক সহযোগিতার' ওপর বিশেষ জোর দিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান ইয়াল জামির বলেন, অভিযানের প্রাথমিক 'আকস্মিক হামলা পর্বে' মূলত আকাশপথের ওপর আধিপত্য বিস্তার এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে আক্রমণ চালানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছিল।

ইরানের তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলা। ছবি: রয়টার্স

তিনি আরও বলেন, পরবর্তী ধাপে ইরান সরকারকে 'আরও দুর্বল' করার জন্য আরও কিছু 'চমক' অপেক্ষা করছে।

শনিবার থেকে এ পর্যন্ত ইরানে গত রাতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তাদের চতুর্দশ দফার হামলা সম্পন্ন করেছে। তেহরানসহ অন্যান্য শহরে ভারী বোমা বর্ষণের খবর পাওয়া গেছে।

অন্যদিকে, বৃহস্পতিবার ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের সতর্ক সংকেত হিসেবে বারবার সাইরেন বেজে ওঠে। ধারণা করা হচ্ছে, একটি ক্ষেত্রে ইরান 'ক্লাস্টার ওয়্যারহেড' বা গুচ্ছ বোমা সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ইরানে হামলার তীব্রতা 'নাটকীয়ভাবে বাড়বে': হেগসেথ

গত রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ডে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

ব্রিফিংয়ে পিট হেগসেথ বলেন, 'ইরান এবং তেহরানের ওপর হামলার তীব্রতা ও গোলাবারুদের ব্যবহার এখন থেকে নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে।'

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। ছবি: রয়টার্স

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রকে দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার ব্রিটিশ সিদ্ধান্ত ওয়াশিংটনকে হামলা আরও জোরদার করতে বড় ধরনের সহায়তা করবে।


ইরানে স্থলবাহিনী পাঠানো 'সময়ের অপচয়': ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন, বর্তমানে ইরানে মার্কিন সৈন্য পাঠানো হবে 'সময়ের অপচয়'। এই মুহূর্তে তিনি এমন কোনো চিন্তা করছেন না।

বৃহস্পতিবার এনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'এটি সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়ে ফেলেছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। যা যা হারানো সম্ভব, তারা তার সবই হারিয়েছে।'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এন্ড্রু হারনিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে এনবিসি-কে বলেছিলেন যে, ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্থল অভিযান মোকাবিলা করতে প্রস্তুত। আরাগচির এই বক্তব্যকে 'অর্থহীন মন্তব্য' বলে অভিহিত করেন ট্রাম্প।


শনিবার থেকে মধ্যপ্রাচ্যে নিহত হয়েছে প্রায় ২০০ শিশু: ইউনিসেফ

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে প্রায় ২০০ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইউনিসেফ।

সংস্থাটির তথ্যমতে, এই সময়ে ইরানে অন্তত ১৮১ জন শিশু প্রাণ হারিয়েছে। এ ছাড়া লেবাননে সাতজন, ইসরায়েলে তিনজন এবং কুয়েতে একজন শিশুর মৃত্যু হয়েছে।

ইরানের হরমোজগান প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত শিশুদের কফিন প্রস্তুত করছেন কর্তৃপক্ষ। ছবি: এএফপি

বিবৃতিতে ইউনিসেফ বলেছে, 'শিশুরা যুদ্ধ শুরু করে না, কিন্তু তাদের অনাকাঙ্ক্ষিতভাবে এর চরম মূল্য দিতে হয়। মধ্যপ্রাচ্যজুড়ে এই সামরিক সংঘাত শিশুদের জীবনে ইতোমধ্যে এক ভয়াবহ প্রভাব ফেলেছে।'

ইরানে হামলার প্রথম দিনেই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালানো হয়। ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ১৭৫ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।


ইরানের বিরুদ্ধে অভিযান 'পরবর্তী ধাপে' প্রবেশ করছে: ইসরায়েলি সেনাপ্রধান

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান সতর্ক করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান এখন 'পরবর্তী ধাপে' প্রবেশ করছে। এই পর্যায়ের মূল লক্ষ্য হলো, ইরানি শাসকগোষ্ঠী এবং তাদের সামরিক সক্ষমতাকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া।

টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন, 'সামনে আমাদের আরও কিছু চমক রয়েছে যা আমি এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছি না'

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মধ্যে তেহরানে হামলার পর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। ছবি: এপি

শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে নতুন করে বেশ কয়েক দফা হামলার খবরের মাঝেই জেনারেল জামির এই কড়া হুঁশিয়ারি দিলেন।


বাহরাইনের মানামায় ইসরায়েলি দূতাবাসে হামলার দাবি ইরানের

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, গত রাতে বাহরাইনের রাজধানী মানামায় চালানো হামলায় শহরের 'ফিন্যান্সিয়াল হারবার টাওয়ারস' নামের একটি বাণিজ্যিক ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সংবাদ সংস্থাটি বলেছে, ওই বাণিজ্যিক ভবনেই মানামার ইসরায়েলি দূতাবাস অবস্থিত হওয়ার কারণে সেখানে এই হামলা চালানো হয়েছে।

ইরানের একটি ড্রোন ভূপাতিত করার পর বাহরাইনের মানামা শহরের আকাশে ধোঁয়া উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স

এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ভবনের কাছাকাছি এলাকায় একটি ইরানি ড্রোন শনাক্তের পর তা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।


যুক্তরাষ্ট্র 'অসৎ', তাদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো কারণ নেই: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছেন, যারা সততা বা সদিচ্ছা নিয়ে আলোচনায় আসে না, তাদের সঙ্গে নতুন করে বসার কোনো কারণ নেই। বৃহস্পতিবার তেহরান থেকে 'এনবিসি নাইটলি নিউজ'-এর উপস্থাপক টম লামাসকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি জানান, ইরান আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় বসবে না এবং কোনো যুদ্ধবিরতির আবেদনও তারা করেনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবাস আরগচি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার মধ্যে এই সাক্ষাৎকারটি দিলেন আরাগচি। সম্ভাব্য মার্কিন স্থল অভিযান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি অত্যন্ত চ্যালেঞ্জিং সুরে বলেন, 'না, আমরা তাদের (মার্কিন সৈন্য) জন্য অপেক্ষা করছি। কারণ আমরা আত্মবিশ্বাসী যে তাদের মোকাবিলা করতে পারব এবং তা তাদের জন্য এক বড় বিপর্যয় হয়ে দাঁড়াবে।'


মার্কিন স্থল অভিযানের জন্য 'আমরা প্রস্তুত; অপেক্ষা করছি': ইরানের নিরাপত্তা-প্রধান লারিজানি

ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা আলী লারিজানি জোর দিয়ে বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো আক্রমণ মোকাবিলায় 'পুরোপুরি প্রস্তুত'। তিনি অঙ্গীকার করেছেন, মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলে তাদের বন্দি করা হবে এবং হত্যা করা হবে।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে লারিজানি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন কর্মকর্তারা ইরানে স্থলসেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ না করার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

আলি লারিজানি। ছবি: এপি

আলী লারিজানি বলেন, 'কিছু মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে তারা কয়েক হাজার সেনা নিয়ে ইরানি ভূখণ্ডে প্রবেশের পরিকল্পনা করছেন।'


তেহরানে বিমান হামলা 'তীব্র' হয়েছে: ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে তাদের যুদ্ধবিমানগুলো ইরানের রাজধানীর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে নতুন করে 'ব্যাপক দফার বিমান হামলা' শুরু করেছে।

এক বিবৃতিতে ইসরায়েল এই হামলাকে 'তীব্র' হিসেবে বর্ণনা করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি।

তেহরানে অবস্থানরত আল জাজিরার প্রতিনিধি কিছুক্ষণ আগে জানিয়েছেন, রাজধানীর আকাশে যুদ্ধবিমানের গর্জন এবং শক্তিশালী বিস্ফোরণের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। মূলত ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে এই বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।


ভারতকে রুশ তেল কিনতে ৩০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

মাঝসমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল কেনার জন্য ভারতকে ৩০ দিনের সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন অর্থ দপ্তর এ সংক্রান্ত একটি বিশেষ অনুমতি জারি করে। মূলত বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, নিষেধাজ্ঞায় এই ৩০ দিনের ছাড়ের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে। পাশাপাশি 'বিশ্বের জ্বালানি খাতকে জিম্মি করার যে চেষ্টা ইরান করছে', তা সামাল দিতেও এই পদক্ষেপ সহায়ক হবে বলে মনে করেন তিনি।


লেবাননজুড়ে ইসরায়েলের তীব্র বিমান হামলা, ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন লাখ লাখ মানুষ

ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননজুড়ে বিমান হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়ে ইসরায়েল দাবি করছে যে, তারা হিজবুল্লাহর অবস্থানগুলো লক্ষ্য করে এই অভিযান চালাচ্ছে।

বৈরুতের দক্ষিণ শহরতলি এবং দেশের অন্যান্য এলাকায় ইসরায়েল নতুন করে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পর লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছে।

লেবাননের বৈরুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল (৪ মার্চ,২০২৬)। ছবি: রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।


ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মার্কিন–ইসরায়েলি অভিযানের মধ্যে ইরানের স্বাস্থ্য অবকাঠামোর ওপর ১৩টি হামলা যাচাই করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে চারজন স্বাস্থ্যকর্মী নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন—এমন প্রতিবেদনের সত্যতা যাচাই করছে সংস্থাটি।

বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস এসব তথ্য জানান। তবে কোনো পক্ষকে সরাসরি দায়ী না করে তিনি বলেন, 'আনুমানিক ১ লাখ মানুষ ইরান ছেড়ে চলে গেছে এবং লেবাননে ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।' 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, 'এখন পর্যন্ত ইরানে আমরা স্বাস্থ্যসেবার ওপর ১৩টি হামলার সত্যতা নিশ্চিত করেছি, যার ফলে ৩ জন নিহত হয়েছেন এবং কোনো আহতের তথ্য নেই। লেবাননের ক্ষেত্রে আমরা ৩টি হামলার সত্যতা পেয়েছি, যেখানে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।' 

Related Topics

টপ নিউজ

মধ্যপ্রাচ্য সংঘাত / ইরানে ইসরায়েলের হামলা / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • চীনের তেলের লাইফলাইনকে চাপে ফেলেছে ইরান যুদ্ধ
  • ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • তেলের দাম ‘সবার ধারণার চেয়েও' বেশি কমবে: দাবি ট্রাম্পের
  • ইরাকের বসরা বন্দরের কাছে মার্কিন ট্যাঙ্কারে হামলা, ভারতীয় ক্রু নিহত
  • ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net