শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজ থেকে কিছু নাবিকের মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের একটি সামরিক যুদ্ধজাহাজ 'আইআরআইএস দেনা' থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। উদ্ধার অভিযান এখনও চলছে।
শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির জলসীমার ঠিক বাইরে থেকে ইরানি জাহাজটি একটি জরুরি সংকেত পাঠিয়েছিল। উদ্ধার হওয়া মরদেহগুলো ওই জাহাজের ক্রু সদস্যদের বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কতজন মারা গেছেন, সেই সংখ্যাটি মুখপাত্র তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।
তিনি আরও জানান, জাহাজটি থেকে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার সময় ওই এলাকায় অন্য কোনো জাহাজের উপস্থিতি লক্ষ্য করা যায়নি বলেও জানানো হয়েছে।
এর আগে, বার্তা সংস্থা এএফপি'র বরাতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, ১৮০ জন ক্রুবাহী ওই যুদ্ধজাহাজটির আহত নাবিকদের উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে ইরানি এই যুদ্ধজাহাজটি ঠিক কী কারণে ডুবতে শুরু করেছিল, সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সুনির্দিষ্ট করে কিছু জানাননি।
